ওয়াল্টার্সের দুঃস্বপ্নের রাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আত্মঘাতী একটা গোল করে বসার পর দল জিতলে তা-ও দুঃখটা একটু কমে। কিন্তু হারলে নিজেকে অপরাধী মনে হওয়াই স্বাভাবিক। সেখানে যদি কোনো খেলোয়াড় এক ম্যাচে দু-দুটি আত্মঘাতী গোল করার পর পেনাল্টিও মিস করেন, তাহলে তাঁর কেমন লাগতে পারে? এই প্রশ্নের উত্তর দিতে পারবেন জন ওয়াল্টার্স। গত পরশু যে এমন এক দুঃস্বপ্নের মধ্য দিয়েই গেছেন স্টোক সিটির আইরিশ স্ট্রাইকার। চেলসির ৪-০ গোলে জয়ে ওয়াল্টার্সের ‘অবদান’ই তো সবচেয়ে বেশি!এবারের মৌসুমে নিজেদের মাঠে অজেয় ছিল স্টোক সিটি। গত পরশু সেই গর্বও ধূলিসাৎ হয়ে গেল। ওয়াল্টার্সের কেমন লাগছে, সেটি শুধু অনুমানই করা যায়। কারণ তাঁর প্রতিক্রিয়া জানা যায়নি। তবে ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে জঘন্য ব্যক্তিগত পারফরম্যান্সের একটির পর যে সমর্থনটা খুব জরুরি ছিল, তা নিয়ে ওয়াল্টার্সের পাশে দাঁড়িয়েছেন কোচ টনি পুলিস। ম্যাচ শেষে বলেছেন, ‘জন ঠিক আছে। আমাদের ক্লাবে আমরা সবাইকে আগলে রাখি। দিনটা আমাদের ছিল না। এটা ছিল চেলসির। আমাদের সবার জন্যই দিনটা ছিল বাজে। তাঁর (ওয়াল্টার্স) জন্য দিনটা বাজে ছিল কোনো কিছুই তাঁর পক্ষে যায়নি বলে। তবে এর পরও ও পেনাল্টি নেওয়ার সাহস দেখিয়েছে। এটা থেকেই ওকে বোঝা যায়।’ওয়াল্টার্স সান্ত্বনা খুঁজে নিতে পারেন ইতিহাস থেকেও। কারণ তিনি একাই নন, একাধিক আত্মঘাতী গোল করে দলকে ডুবিয়েছেন অনেকেই। গত বছরই যেমন হেয়ারফোর্ডের বিপক্ষে সাবেক চেলসি এবং লিডস ইউনাইটেডের ডিফেন্ডার মাইকেল ডুবেরি নিজের দল অক্সফোর্ড ইউনাইটেডের জালে বল ঢুকিয়ে দেন দুবার। পরে অবশ্য দলের সমতাসূচক গোলটি করে প্রায়শ্চিত্ত করেছিলেন। আত্মঘাতী গোলের ‘কীর্তি’তে পরের দিকেই থাকবে ডাচ ক্লাব ডেন হাগের নাম। ১৯৭১ সালে উয়েফা কাপে ম্যাচের এক অর্ধেই ডাচ ক্লাবটি আত্মঘাতী গোল হজম করে তিনটি! ১৯৭৬ সালে লিস্টারের বিপক্ষে এক ম্যাচে ২-২ গোলে ড্র করে অ্যাস্টন ভিলা। ম্যাচের চারটি গোলই করেছিলেন অ্যাস্টন ভিলার ক্রিস নিকোল। আত্মঘাতী গোলের ইতিহাসে মাদাগাস্কারের ক্লাব আন্তানানারিভোর ‘কীর্তি’র অবশ্য তুলনা হয় না। এক ম্যাচে এই ক্লাব ১৪৯টি আত্মঘাতী গোল খেয়েছিল! ‘খেয়েছিল’ না লিখে অবশ্য ‘করেছিল’ লেখাই ভালো। রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে নিজেদের জালেই গোলের বান বইয়ে দিয়েছিল ক্লাবটি। এএফপি।