ওয়াসিমের চোখে ফেবারিট পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রমেই এগিয়ে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ক্ষণ। শ্রীলঙ্কায় আগামী ১৮ সেপ্টেম্বর মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের চতুর্থ আসর। সময় যত ঘনিয়ে আসছে, একটা প্রশ্ন তত জোরালো হচ্ছে। এবারের বিশ্বকাপ শিরোপা কার ঘরে যাবে?পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম মনে করেন, এবার শিরোপা জয়ের লড়াইয়ে ফেবারিট পাকিস্তান। নিজের দেশ বলে নয়, পাকিস্তানের বর্তমান দলের খেলোয়াড়দের দেখে আশাবাদী তিনি। পাকিস্তানি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউনের খবরে এ কথা বলা হয়েছে।‘পাকিস্তান ফেবারিট। ইমরান নাজির ও আবদুল রাজ্জাকের মতো খেলোয়াড়রা যেকোনো ম্যাচ ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রাখে। পাকিস্তানের ভালো না করার কোনো কারণ নেই। সংযুক্ত আরব আমিরাতে অস্ট্রেলিয়ার বিপক্ষেও পাকিস্তানের ভালো করার সম্ভাবনা রয়েছে।’ অস্ট্রেলিয়ায় বলেছেন ওয়াসিম আকরাম।টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসও অনেকটা কথা বলবে পাকিস্তানের হয়ে। ২০০৭ সালে অনুষ্ঠিত অভিষেক আসরের ফাইনালে উঠেছিল পাকিস্তান। অভিষেক শিরোপাটা অবশ্য ধরা দেয়নি। ভারতের কাছে মাত্র ৫ রানে হেরে তা হাতছাড়া হয়। এর পরের আসরে ২০০৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিজেদের করে নেয় পাকিস্তান।পাকিস্তান দলের প্রতি ওয়াসিম আকরামের পরামর্শ, আরও আক্রমণাত্মক হয়ে খেলতে হবে। খেলতে হবে ইতিবাচক মানসিকতা নিয়ে। পাকিস্তানের সাম্প্রতিক শ্রীলঙ্কা সফরের টি-টোয়েন্টি ম্যাচের প্রসঙ্গ টেনে আকরাম বলেন, ‘মাঝেমধ্যে আমার মনে হয়েছে, যেন টেস্ট ম্যাচ দেখছি। স্ট্রাইক রেট ১৩০-এর ওপরে রাখতে হবে। এক, দুই রান নেওয়ার পরপরই চার মেরে স্কোর বোর্ডের চাকা সচল রাখতে হবে। এই ফরম্যাটে ভালো করতে হলে আরও আগ্রাসী হয়ে খেলতে হবে।’ওয়াসিম আকরাম জানান, পূর্ণ মেয়াদে পাকিস্তান দলের দায়িত্ব নেওয়ার মতো কোনো ইচ্ছে তাঁর নেই। তিনি বলেন, ‘আমি আমার জীবন উপভোগ করছি। কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে কাজ করছি। টেলিভিশনে ধারাভাষ্য দিচ্ছি। পূর্ণ মেয়াদে কোনো দায়িত্ব নেওয়ার মতো সময় সত্যি আমার হাতে নেই।’