ওয়াসিমের ফেবারিট ভারত-পাকিস্তান-উইন্ডিজ

বাংলাদেশে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা উঠবে কার হাতে, সে প্রশ্নের উত্তর মিলবে ৬ এপ্রিল, ফাইনালের পর। কিন্তু তার আগে কে ফেবারিট, সেটি জানতে নিশ্চয় সমস্যা নেই। ওয়াসিম আকরাম বাজির ঘোড়া ছোটাচ্ছেন পাকিস্তান, ভারত ও ওয়েস্ট ইন্ডিজের ঘরে।
অবশ্য পাকিস্তান গ্রেটের ফেবারিট তালিকাকে অযৌক্তিক বলার সুযোগ সামান্যই। কারণ এ পর্যন্ত অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের চারটি আসরের তিনটিই জিতেছে উল্লিখিত দল তিনটি। প্রথমবার ভারত, দ্বিতীয়বার পাকিস্তান ও চতুর্থ আসরে শিরোপা উঠেছে উইন্ডিজের হাতে। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে এ তিনটি দলের সাফল্যও বলার মতোই। আর তৃতীয়টি পেয়েছে ইংল্যান্ড।
আকরাম তাই বললেন, ‘আমার মতে পাকিস্তান, ভারত ও ওয়েস্ট ইন্ডিজ ফেবারিট। এ সংস্করণে তিনটি দলই ভালো খেলে। শিরোপা জেতার যথেষ্ট অভিজ্ঞতা তাদের রয়েছে।’ তবে আরেকটি কথা যোগ করলেন পাকিস্তান কিংবদন্তি, ‘যখন পাকিস্তান-ভারত ম্যাচ হয়, সেটি কোটি কোটি মানুষ দেখে। তাই ওই ম্যাচে কোনো ফেবারিটতত্ত্ব খাটে না।’
এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার কাছে পাকিস্তানের হারের পর সাবেক এ অধিনায়কের নাকি ঘুম হারাম! বিশেষ করে ম্যাচে পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল-হকের বোলার ব্যবহারে নিয়ে খুবই অসন্তুষ্ট আকরাম। বললেন, ‘ফাইনালে আমাদের বোলারদের কীভাবে ব্যবহার করা হলো, বিষয়টির বুঝতেই আমার দুদিন ঘুম হয়নি।’ এএফপি ।