ওয়াহর চোখে ওটা ‘অসম্মান’
দেশের ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক দুজনই। দুজনের নেতৃত্বে ক্রিকেট বিশ্ব দেখেছে ভারত-অস্ট্রেলিয়ার স্মরণীয় কিছু লড়াই। স্টিভ ওয়াহর অপ্রতিরোধ্য অস্ট্রেলিয়াকে থামিয়েছিল সৌরভ গাঙ্গুলীর ভারত। অস্ট্রেলিয়ায় গিয়েও হাড্ডাহাড্ডি লড়াইয়ে সিরিজ ড্র করে এসেছিল ভারত। ক্রিকেটীয় মানে সেই লড়াইগুলো যেমন ছিল ধ্রুপদী, তেমনি ছড়িয়েছে উত্তেজনার বারুদ, হয়েছে বিতর্ক, কথার লড়াই, জন্ম নিয়েছে কত গল্প! একটি ঘটনা জায়গা পেয়ে গেছে ক্রিকেটের লোকগাথায়। সেই যে ২০০১ সিরিজে টসের সময় ওয়াহকে অপেক্ষায় রাখলেন সৌরভ!সে সময় এটা নিয়ে বিতর্ক কম হয়নি। হচ্ছে এখনো। স্টিভ ওয়াহ এখন ভারতে। সংবাদমাধ্যমের সৌজন্যে আরেকবার তাজা হলো সেই স্মৃতি। নিজের আত্মজীবনীতে এই ঘটনায় সৌরভের সমালোচনা করেছিলন ওয়াহ। উত্তরটা এবার হলো বেশ বিস্ফোরক, ‘সত্যি বলতে সে প্রীতি ম্যাচেই দেরি করে নেমেছে—তার হয়তো এটাই ভালো লেগেছে। আমার শুধু মনে হয়েছে, খেলাটার প্রতি সে অসম্মান দেখিয়েছে। আমাকে অবশ্য তা খুব একটা প্রভাবিত করেনি। ম্যাচ রেফারিই সৌরভকে বলেছিল যে ওর উচিত সময়মতো মাঠে নামা।’আত্মজীবনী ‘আউট অব মাই কমফোর্ট জোন’-এ ওয়াহ লিখেছিলেন, সৌরভের আচরণ ছিল অনেকটা ‘অভিজাততান্ত্রিক’ (এলিটিস্ট)। এমন ‘যুক্তিহীন’ ও ‘বিরক্তিকর’ আচরণে নাকি ‘আহত’ হয়েছিলেন ওয়াহ। অনেকের ধারণা, ওটা ছিল আসলে সৌরভের ‘মাইন্ড গেম।’ ভারত-অস্ট্রেলিয়া সিরিজে লড়াইয়ের মধ্যেও চলত অনেক লড়াই। ওয়াহ ও অস্ট্রেলিয়া দলের মনঃসংযোগ ব্যাঘাত ঘটাতে ইচ্ছে করেই সৌরভ অমন করেছিলেন, জনপ্রিয় ধারণা এমনটাই।তবে এই ধারণা বা ওয়াহর ‘বারবার দেরি’ করার দাবি, দুটিকেই উড়িয়ে দিয়েছিলেন সৌরভ। ২০০৯ সালে কলকাতার একটি চ্যানেলে ‘দাদাগিরি’ অনুষ্ঠানে এক অংশগ্রহণকারীর প্রশ্নের উত্তরে ব্যখ্যা দিয়েছিলেন ওই ঘটনার, ‘একবারই আমার দেরি হয়েছিল, সেটার পেছনে কারণও ছিল। টসের সময় অধিনায়কদের ব্লেজার পড়ে মাঠে নামতে হয়। কিন্তু আমি ব্লেজারটা খুঁজে পাচ্ছিলাম না। এ জন্যই দেরি হয়েছিল।’ ওয়েবসাইট।