ওয়াহরও কুর্নিশ ইংল্যান্ডকে
পুরোনো ‘শত্রু’ ইংল্যান্ডকে সম্মান ও শ্রদ্ধার বেদিতে বসিয়েছেন স্টিভ ওয়াহ। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ইংল্যান্ডকে প্রশংসায় ভাসিয়ে বলেছেন, টেস্ট ক্রিকেটকে নতুন মাত্রা দিয়েছে ইংল্যান্ড। নিয়ে গেছে নতুন উচ্চতায়। ঠিক করেছে নতুন মানদণ্ড। অন্য দলগুলোর অনুপ্রেরণার উৎসও হতে পারে ইংলিশদের খেলা। মাত্র দুই দিন আগেই গ্লেন ম্যাকগ্রার মুখে শোনা গেছে ইংল্যান্ড-স্তুতি। এবার তাঁর অধিনায়ক এলেন দৃশ্যপটে, সময়টা যে এখন ইংল্যান্ডেরই।এখনকার ইংল্যান্ড দলটা স্টিভ ওয়াহর কাছে একটু অচেনাই। যখন নিজে খেলেছেন, তখন বেশির ভাগ সময়ই পাত্তা পায়নি ইংলিশরা। খেলার আগেই যেন তারা হেরে বসে থাকত। সেই ইংল্যান্ডই যখন অ্যান্ড্রু স্ট্রাউসের নেতৃত্বে ভারতকে ৪-০-তে হোয়াইটওয়াশ করে টেস্টের এক নম্বর আসনটা ছিনিয়ে নিল, প্রশংসা না করে পারলেন না।ওয়াহ মনে করেন, ইংল্যান্ডের এই দলটার প্রতিপক্ষের ওপর দিনের পর দিন নির্দয়ভাবে ছড়ি ঘোরানোর ক্ষমতা আছে। আছে প্রতিপক্ষকে দুমড়েমুচড়ে দেওয়ার ইচ্ছা। এটাই তাদের সাহায্য করেছে শীর্ষে উঠতে। আর এটির অভাবেই নাকি ইংল্যান্ডের আগের দলগুলো ব্যর্থ হয়েছে। ওয়াহর বর্ণনায়, যারা ‘প্রতিভাবান কিন্তু ভঙ্গুর পূর্বসূরি।’এখন ইংল্যান্ডে গলফ খেলছেন, সেখানেই স্টিভ ওয়াহ স্কাই স্পোর্টস নিউজকে বলেছেন, ‘ওরা যে উঠে আসছে সেটা গত ১৮ মাসেই বোঝা গেছে। ওরা একটি মানসম্পন্ন পেশাদার দল। ওরা চায় প্রতিপক্ষকে দুমড়েমুচড়ে দিতে। চায় যত দ্রুত সম্ভব জিততে।’ওয়াহ উজ্জ্বল ভবিষ্যৎই দেখছেন ইংল্যান্ডের, ‘ইংল্যান্ড এখন জয়ের ধারাটা পেয়ে গেছে এবং দলটি অনেক শক্তিশালীও। তারা জানে কীভাবে জিততে হয় এবং কীভাবে কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হয়।’অস্ট্রেলিয়াকে র্যাঙ্কিংয়ের শীর্ষে তোলা অধিনায়ক ইংল্যান্ডের শ্রেষ্ঠত্ব মেনে নিলেও অস্ট্রেলিয়ার কথা ভুলে যাননি, ‘অবশ্যই ওরা বিশ্বের সেরা টেস্ট খেলুড়ে দল। দক্ষিণ আফ্রিকা অবশ্য খুব একটা পিছিয়ে নেই এবং অস্ট্রেলিয়াও খুব তাড়াতাড়ি আগের জায়গায় ফিরে আসবে।’ এএফপি।