যুবরাজ সিং কি বুঝতেই পারল না বলটা! ও রকম বল আসলে খুব কমই হয়। মাত্র ১৮ নম্বর ওয়ানডে খেলতে নামা ওয়াহাব রিয়াজের কাছে তো এটি আরও আশাতীত। ম্যাচের ফলাফল যা-ই হোক, আমার কাছে কাল তার ওই বলটাকেই মনে হয়েছে ম্যাচের সেরা বল।সত্যি বলতে কি, ওয়াহাব রিয়াজের কাছ থেকে এত ভালো বল আমি আশা করিনি। তার ওপর বীরেন্দর শেবাগ যেভাবে মারছিল...! ও রকম চাপের মধ্যেও ওয়াহাবের অমন বোলিং বিস্ময়কর। ভারতের বিপক্ষে হাই-ভোল্টেজ ম্যাচে ৫ উইকেট—আমি বলব ক্যারিয়ারের সেরা বোলিংই করল কাল ওয়াহাব।বিশ্বকাপের পর শোয়েব আখতার আর খেলবে না। ভেবেছিলাম, ওর সুপ্ত ক্ষোভটাকে কাজে লাগাতে চাইবে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। শোয়েবও চাইবে ভেতরের আগুনটা বের করে দিয়ে ভারতের বিপক্ষে শেষ ম্যাচে মনে রাখার মতো কিছু করতে। পাকিস্তান টিম ম্যানেজমেন্ট এভাবে চিন্তা করেনি, না করে সফলও হয়েছে। ওয়াহাবের বোলিং দেখে মনেই হয়নি চাপ বলে ওর ওপর কিছু আছে। ওর চোখের সামনে উমর গুলের মতো তারকা বোলারও অমন মার খেল! সেখানে ওয়াহাবের এমন জ্বলে ওঠা আসলেই অসাধারণ কিছু।এমন নয় যে যুবরাজকে বোল্ড করা বলটা একেবারেই খেলার মতো ছিল না। তবে প্রথম ডেলিভারিতে একজন ব্যাটসম্যান সব সময়ই একটু স্নায়ুচাপে থাকে। তার ওপর ভারতের উইকেট পড়তে থাকায় ম্যাচের ওই সময়টা ছিল খুবই গুরুত্বপূর্ণ। এ রকম পরিস্থিতিতে ওই ধরনের বল খেলা আসলেই কঠিন। একটু ফুল টস ধরনের বল ছিল, তবে ফুল টসটা বড় ব্যাপার নয়। ওয়াহাব যে রিভার্স সুইংটা করিয়েছে, ওটাই সর্বনাশ করেছে যুবরাজের। একদম সামনে থেকে রিভার্স সুইং করাতেই বলটা ব্যাটে লাগেনি। ম্যাচের সেরা বল ওটাই।এ ম্যাচে বিশেষ কিছু করার প্রতিজ্ঞা ছিল ওয়াহাব রিয়াজের। রিভার্স সুইংয়ের মতো বিশেষ কিছু ব্যাপার নিয়ে সম্ভবত ভালো অনুশীলনও করেছে। এ ছাড়া আমার ধারণা, দল তাকে ভালো সমর্থনও দিয়েছে। শোয়েবের জায়গায় খেলছে বলেই চাপ নিতে হবে, এমন নয়। তোমাকে তোমার খেলা খেলতে হবে—অধিনায়ক বা কোচ, কারও কাছ থেকেই হোক এ রকম আত্মবিশ্বাস-জাগানিয়া বার্তা সে পেয়ে থাকতে পারে। আত্মবিশ্বাস বেড়ে থাকতে পারে শেবাগের উইকেটটা নেওয়ার পরও।তবে বেশি কিছু করার চেষ্টা না করাটাই ওয়াহাবের জন্য বেশি ভালো হয়েছে। ভালো জায়গায় বল ফেলে গেছে। তবে আবারও বলি, এসব কিছুর পেছনেই ছিল দলীয় সমর্থন। দল যে সমর্থন দিয়েছে, ওয়াহাব তারই প্রতিদান দিল।