ওয়েঙ্গারের পাশে ফার্গুসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুজন যখন দুই ডাগ-আউটে দাঁড়ান, তখন তাঁরা পরস্পরের ‘শত্রু’। একবার তো আর্সেন ওয়েঙ্গারকে গালির মতোই দিয়েছিলেন ফার্গুসন—পৃথিবীর সবচেয়ে উগ্র পরাজিত মানুষ তিনি! আর্সেনালের কোচ এই ওয়েঙ্গারের পক্ষেই এখন কথা বলছেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ অ্যালেক্স ফার্গুসন।সেস ফ্যাব্রিগাস আর্সেনাল ছেড়ে চলে গেছেন বার্সেলোনায়। ম্যানচেস্টার সিটিকে নতুন ঠিকানা বানিয়েছেন সামির নাসরি। এ নিয়ে এমনিতেই আর্সেনাল সমর্থকেরা ওয়েঙ্গারের ওপর ক্ষুব্ধ। তার ওপর প্রিমিয়ার লিগের প্রথম দুই ম্যাচে মাত্র ১ পয়েন্ট পেয়েছে ‘গানার’রা। নিউ ক্যাসলের সঙ্গে প্রথম ম্যাচে ড্র, পরের ম্যাচে লিভারপুলের কাছে নিজেদের মাঠে হার—এরপর ওয়েঙ্গারকে আর রাখার মানে হয় না, এমিরেটস-জুড়ে এই এক কথাই উড়ছে সমর্থকদের মধ্যে।ওয়েঙ্গারের এই দুঃসময়ে পাশে দাঁড়িয়েছেন ম্যানইউ কোচ ফার্গুসন। পুরোনো ‘শত্রু’কে হাত বাড়িয়ে দিয়েছেন বন্ধুর মতো। ‘সে আর্সেনালের ইতিহাসের সেরা কোচ। আমি জানতে চাই, তার বিকল্প কে হবে? গত ১৫ বছরে সে যা করেছে, তাতে আর্সেনালের ইতিহাসে সেরা সময় গেছে।’এটা সত্যি, ১৫ বছর ধরে পর্যায়ক্রমে একটা দলকে ঘরে তুলেছেন ওয়েঙ্গার। তবে এ যুগের সমর্থকেরা বড় অধৈর্য। তারা চায় সাফল্য, নাচতে চায় শিরোপা জয়ের আনন্দে। কিন্তু ২০০৫ সালে ম্যানইউকে হারিয়ে এফএ কাপ জয়ের পর আর ঘরে কোনো শিরোপা তুলতে পারেনি গানাররা। এই সাফল্য-খরা গানার সমর্থকদের ভুলিয়ে দিয়েছে অতীত সাফল্য। ১৯৯৬-এ আর্সেনালের দায়িত্ব নেওয়ার পর ২০০৪ সাল পর্যন্ত ম্যানইউর সঙ্গে পাল্লা দিয়েই শিরোপা জিতত তারা। এই সময়ে ৩টি প্রিমিয়ার লিগের সঙ্গে ৩টি এফএ কাপও জিতেছেন ওয়েঙ্গার।তবে ফার্গুসন বুঝতে পারেন, এখনকার সমর্থকেরা সত্যিই অশান্ত। তাই তো আফসোস করে বলেছেন, ‘এখন যে কী ভালো আর কী মন্দ! এই বিশ্বটা বড্ড হতাশাবাদী। ২০ বছর আগের মতো এখনকার সমর্থকদের সহজে খুশি করা যায় না।’ রয়টার্স।