ওয়েঙ্গারের প্রেরণা
চারদিক থেকে সমালোচনা ধেয়ে আসছিল স্রোতের মতো। যে দল মৌসুমের অনেকটা সময়জুড়েই ছিল শীর্ষে, তারাই কি না ইংলিশ লিগের চার নম্বরে থাকার জন্য এখন প্রাণপাত লড়ছে! সবেধন নীলমণি এফএ কাপ জয়ের আশাটা বাঁচিয়ে রাখতে আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গারের ওপর অসম্ভব এক চাপ ছিল। এফএ কাপ দিয়ে যদি নয় বছরের শিরোপাখরা ঘোচানো যায়!
তবে এই স্বপ্নটাও আরেকটু হলেই ভেঙে যাচ্ছিল। পরশু এফএ কাপ সেমিফাইনালের ৬৩ মিনিটে জর্ডি গোমেজ যখন উইগানকে এগিয়ে দিলেন, ওয়েঙ্গারের কপালে ভাঁজটা চওড়া হলো। ম্যান সিটি-বধের মতো আরেকটি উপাখ্যানের জন্ম দেবে না তো উইগান? শেষ পর্যন্ত উইগানকে পেনাল্টি উপহার দেওয়া পার মার্টেসেকারই গোল করে প্রায়শ্চিত্ত করেছেন। মার্টেসেকারের সঙ্গে জয়ের নায়ক অবশ্য আরেকজনও। টাইব্রেকারে দুটি পেনাল্টি ঠেকিয়ে আর্সেনালকে শিরোপার কাছে নিয়ে গেছেন আসলে পোলিশ গোলরক্ষক ফাবিয়ানস্কি।
খাবি খেতে থাকা দলের জন্য এমন জয় কি টনিকের কাজ করবে? লিগে আর্সেনাল এখন পাঁচে, চারে থাকা এভারটন এগিয়ে ২ পয়েন্টে। ওয়েঙ্গার এই জয়েই প্রেরণা খুঁজছেন, ‘আমরা নিজেদের বাকি ম্যাচগুলো জিতলে এভারটনের ওপরে আমরা লিগ শেষ করব। তবে আজ (পরশু) সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল মানসিকভাবে ভেঙে না পড়া। বাদ পড়ে গেলে সেটার পরিণতি কী হতো তা আপনি কল্পনাও করতে পারবেন না।’ এএফপি।