ওয়েঙ্গারের হুংকার!
অনেক দিন পর ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের স্বপ্নে বিভোর আর্সেনাল। গানারদের ১ নম্বর স্থানে ফিরিয়ে নিয়ে এসেছেন অলিভিয়ের জিহু এবং জ্যাক উইলশেয়ার। সোমবার ইপিএলে অ্যাস্টন ভিলার বিরুদ্ধে ২-১ গোলে জয়ে অবদান রেখেছেন জিহু ও উইলশেয়ার। কিন্তু প্রশ্ন একটাই—আর্সেনাল কি পারবে চেলসি ও ম্যানচেস্টার সিটির মতো দুই প্রবল প্রতিপক্ষকে শেষ পর্যন্ত বশে আনতে!
এমন একটি পরিস্থিতিতে কোচ আর্সেন ওয়েঙ্গার জানিয়েছেন, ইপিএলে বাকি পথটুকু পাড়ি দিতে আর কাউকেই সমীহ করে না তাঁর দল, ‘আমি জানি, এ মুহূর্তে সবার দৃষ্টিই আমাদের দিকে। সবাই আমাদের নিয়ে কৌতূহলী। কেউ কেউ একটু বাঁকা দৃষ্টিই রাখছেন। কিন্তু আমি স্পষ্ট জানিয়ে দিতে চাই, ইংলিশ লিগ নিজেদের তাঁবুতে নিয়ে যাওয়ার পথে আর কাউকেই ভয় পাই না আমরা।’
ইংলিশ লিগে এ মুহূর্তে রীতিমতো সাপ-লুডু খেলা চলছে শিরোপা-প্রত্যাশী তিন প্রতিপক্ষ আর্সেনাল, ম্যানচেস্টার সিটি ও চেলসির মধ্যে। এই পরিস্থিতিতে এক মুহূর্তের জন্য পা হড়কানো সমূহ বিপদ ডেকে আনতে পারে যে কারোর জন্যই। সোমবারের জয়ে ৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে চলে যাওয়া আর্সেনালের সঙ্গে ম্যানচেস্টার সিটির পয়েন্টের ব্যবধান মাত্র এক। এ অবস্থায় প্রতিপক্ষকে আমল না দেওয়াটা ওয়েঙ্গারের অতি আত্মবিশ্বাস, নাকি মানসিক যুদ্ধ—সেটা ঠিক বোঝা যাচ্ছে না। ওয়েবসাইট।