ওয়েঙ্গারের ‘৯০০’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অমরত্বের পথে আরেকটি মাইলফলকে পা রাখতে যাচ্ছেন আর্সেন ওয়েঙ্গার। একই ক্লাবকে ৯০০ ম্যাচে কোচিং করানো কোচদের সংখ্যা হাতেগোনা। আজ সেই বিরল প্রজাতির কোচদের তালিকায় যুক্ত হতে যাচ্ছে ওয়েঙ্গারের নাম। ইংলিশ প্রিমিয়ার লিগে আজ নরউইচ সিটির বিপক্ষে খেলবে আর্সেনাল। নিজেদের মাঠ এমিরেটসের যে ম্যাচটা আর্সেনালের কোচ হিসেবে ওয়েঙ্গারের ‘৯০০তম’ ম্যাচ। সেই ১৯৯৬ সালের ১২ অক্টোবর ব্ল্যাকবার্ন রোভার্সের বিপক্ষে ২-০ গোলের জয় দিয়ে শুরু ওয়েঙ্গারের। আজ ৯০০তম ম্যাচটিতে জয় কামনা করেই মাঠে নামছেন আর্সেনালের ৬২ বছর বয়সী কোচ। সরাসরি চ্যাম্পিয়নস লিগে খেলতে তৃতীয় স্থানে থেকে লিগ শেষ করার স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে জয়টা খুব প্রয়োজন আর্সেনালের।এক সপ্তাহ আগেও তৃতীয় স্থান নিয়ে অনেকটাই শঙ্কামুক্ত ছিল আর্সেনাল। কিন্তু গত শনিবার স্টোক সিটির সঙ্গে ড্র হতাশায় পুড়িয়েছে ওয়েঙ্গারের দলকে। গত বুধবার সুযোগটা কাজে লাগিয়ে নিজ নিজ ম্যাচ জেতা টটেনহাম ও নিউক্যাসল এখন আর্সেনালের ঘাড়ের ওপর তপ্ত নিঃশ্বাস ফেলছে। ৩৬ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে এখনো তিন নম্বরেই গানাররা। তবে টটেনহাম ও নিউক্যাসল দুই দলই মাত্র ১ পয়েন্ট পেছনে! দুই দলের পয়েন্ট সমান ৬৫। কিন্তু গোল ব্যবধানে চারে টটেনহাম, নিউক্যাসল পাঁচে।এ অবস্থায় আজ জিতলেই ৪ পয়েন্টে এগিয়ে যেতে পারবে ওয়েঙ্গারের দল। সে ক্ষেত্রে আগামীকাল মাঠে নামার আগে টটেনহাম-নিউক্যাসল দুই দলই থাকবে চাপে। তবে শুধু আজকের ম্যাচটাই নয়, আর্সেনালের ফরাসি কোচ জয় চান লিগের বাকি দুই ম্যাচেই, ‘বাকি দুই ম্যাচেই জয় পাওয়াটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। অন্যথা হলে তৃতীয় স্থান এবং আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে সরাসরি খেলার বিষয়ে নিশ্চয়তা থাকবে না।’ ৯০০তম ম্যাচ নিয়ে মুখে কিছু না বলেও ওয়েঙ্গার যে রোমাঞ্চিত, এই জয়ের তাড়নাই সেটি স্পষ্ট করে দিচ্ছে। এএফপি।