ওয়েটারের সোনা জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্য কোনো সময় ক্রোয়েশিয়ায় যদি যান, তাঁকে খুঁজে পাবেন একটা রেস্তোরাঁয়। ওয়েটারের পোশাক পরনে। টেবিল থেকে টেবিলে ছুটছেন। অর্ডার নিচ্ছেন। অর্ডারমাফিক খাবারও এনে দিচ্ছেন দ্রুত। কিন্তু জিওভান্নি সারনোগোরাজের পরিচয় এখন একজন ওয়েটারের নয়, অলিম্পিকে সোনাজয়ী ক্রীড়াবিদের! পরশু ট্র্যাপ শ্যুটিংয়ে সোনা জিতেছেন এই ২৯ বছর বয়সী। এই প্রথম শ্যুটিং থেকে অলিম্পিকে সোনা পেল ক্রোয়েশিয়া। চার বছর আগে বেইজিং অলিম্পিকে এসেছিল প্রথম পদক। কিন্তু সায়েজানা পিয়েচিচ সেবার জিতেছিলেন ব্রোঞ্জ।সারনোগোরাজ সোনাটিও জিতলেন নাটকীয়ভাবে। ইতালির মাসিমো মাসিমো ফ্যাব্রিজির সঙ্গে জোর লড়াই হয়েছে। ১৫০ পয়েন্টের খেলায় দুজনই ১৪৬ করেন। এরপর দুজনের মধ্যে শুরু টাইব্রেকার। মজার ব্যাপার হলো, সারনোগোরাজ নিজেও কিন্তু জাতিগতসূত্রে ইতালিয়ান। ইতালির পাসপোর্টও আছে। একসময় ইতালির হয়েই খেলার ইচ্ছা ছিল। কিন্তু শেষ পর্যন্ত ক্রোয়েশিয়াকে বেছে নেওয়া এই ‘ইতালিয়ানে’র হাতেই বধ হলো ইতালির স্বপ্ন! শ্যুটঅফের শেষ শটটা ঠিকঠাক লাগিয়েও কান্নায় ভেঙে পড়েন সারনোগোরাজ।অলিম্পিকে সোনা জয়ের আবেগ ধরে রাখতে পারেননি বলেই এই কান্না। ‘এটা আমার জন্য, আমার পরিবার, দেশের জন্য অনেক বড় পাওয়া। শ্যুটিংয়ে এই প্রথম আমার দেশ সোনা পেল। এটা দারুণ কিছু।’ বলেছেন সারনোগোরাজ। পারিবারিক রেস্তোরাঁয় ওয়েটারের কাজ করা সারনোগোরাজ নাকি সোনার প্রত্যাশাই করেননি। রুপা নিশ্চিত হয়ে গিয়েছিল, খুশি ছিলেন তা নিয়েই, ‘ফাইনালে যখন উঠলাম, তখনই রুপা নিশ্চিত হয়ে গেছে। তা নিয়েই আমি খুব, খুব খুশি ছিলাম। আমি সোনা প্রত্যাশাই করিনি।’ রয়টার্স।