ম্যাথু ওয়েডের আশা আর ব্র্যাড হাডিনের শঙ্কাই তাহলে সত্যি হচ্ছে! বিশ্রামটাকে ‘বাদ’ ধরে নিয়ে হাডিন বলেছিলেন, তাঁর দলে ফেরা সহজ হবে না। আর সুযোগ পেয়ে ওয়েড বলেছিলেন ‘এমন পারফর্ম করতে চাই যাতে বাইরে যেতে না হয়।’ ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৩২ বলে ৭২ করে ম্যাচসেরা, পরশু প্রথম অস্ট্রেলিয়ান উইকেটকিপার হিসেবে অভিষেক ওয়ানডেতে ম্যাচসেরা, কথা রেখেছেন ওয়েড, তাই শঙ্কায় হাডিন!ওয়েডের দারুণ শুরুর সঙ্গে মিলে গেছে সিবি সিরিজে অস্ট্রেলিয়ার শুরু। একটি টি-টোয়েন্টি জয়ের পর ভারত আবার ফিরে গেছে পরাজয়ের ধারায়। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পরশু অস্ট্রেলিয়া জিতেছে ৬৫ রানে। বৃষ্টি-বাধায় যখন বন্ধ হয় খেলা, অস্ট্রেলিয়ার রান ছিল ১১ ওভারে ২ উইকেটে ৩৫। দুই ঘণ্টা বন্ধ থাকায় ম্যাচ নেমে আসে ৩২ ওভারে। ওয়েডের ৬৯ বলে ৬৭ আর হাসি ভাইদের ব্যাটিং-তাণ্ডবে পরের ২১ ওভারে অস্ট্রেলিয়া তোলে ১৮১! ৩২ বলে ৪৫ করেন বড় হাসি মাইক, ৩০ বলে অপরাজিত ৬১ ছোট হাসি ডেভিড! শুরুতে মিচেল স্টার্ক ও পরে ক্লিন্ট ম্যাকাইয়ের বোলিং-তোপে দাঁড়াতেই পারেনি ভারত। ২০১০ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ার হয়ে সর্বশেষ ওয়ানডেতে ৫ উইকেট নিয়েছিলেন ম্যাকাই। চোটের কারণে বাইরে থাকার পর ফিরেই নিলেন ৪ উইকেট। বিশ্বকাপ ফাইনালের পর প্রথম ম্যাচ খেলতে নামা টেন্ডুলকারকে নিজের প্রথম ওভারেই ফেরান স্টার্ক, পয়েন্টে দারুণ ক্যাচ নেন পন্টিং। আগামীকাল দ্বিতীয় ম্যাচে ভারত পার্থে মুখোমুখি হবে শ্রীলঙ্কার। চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়া পেসার ব্রেট লির জায়গায় অস্ট্রেলিয়া দলে নিয়েছে বেন হিলফেনহসকে। ওয়েডের এমন শুরুর পর রঙিন পোশাকে হাডিনের ক্যারিয়ার শেষ বলে ধরেই নেওয়া যায়। তবে ব্যাটিংয়ের মতো কথায়ও ওয়েড প্রমাণ করলেন তিনি কতটা পরিণত, ‘দূর ভবিষ্যৎ নিয়ে আমি ভাবতে চাই না। প্রথম তিন ম্যাচের দলে নেওয়া হয়েছে আমাকে, এই ম্যাচগুলোয় যতটা সম্ভব ভালো করতে চাই। এই খেলাটায় কবে কী হয় বলা মুশকিল, প্রতিদিনই পরিবর্তন হচ্ছে। আমি তাই বর্তমানে থাকতে চাই, শুধু পরের বলটায় মনোযোগ দিতে চাই। কথাগুলো হয়তো খুব গতানুগতিক, তবে আমি সত্যি এটাই করছি।’ ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোরঅস্ট্রেলিয়া: ৩২ ওভারে ২১৬/৫ (ওয়েড ৬৭, ওয়ার্নার ৬, পন্টিং ২, ক্লার্ক ১০, মাইক হাসি ৪৫, ডেভিড হাসি ৬১*, ক্রিস্টিয়ান ১৭*; বিনয় ৩/২১, রোহিত ১/১৭, রাহুল ১/৪৪)। ভারত: ২৯.৪ ওভারে ১৫১ (গম্ভীর ৫, টেন্ডুলকার ২, কোহলি ৩১, রোহিত ২১, রায়না ৪, ধোনি ২৯, জাদেজা ১৯, অশ্বিন ৫, রাহুল ১, প্রাভিন ১৫, বিনয় ১২*; ম্যাকাই ৪/২০, স্টার্ক ২/৩৩, ডোহার্টি ২/৩৬, ক্রিস্টিয়ান ১/২১)।ফল: অস্ট্রেলিয়া ৬৫ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: ম্যাথু ওয়েড।