ওয়েডই থেকে গেলেন অস্ট্রেলিয়ার টেস্ট দলে
ব্র্যাড হাডিনের টেস্ট ক্যারিয়ার কি তাহলে শেষ? দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের দলে জায়গা না পাওয়ার পর আরও জোরেশোরে উঠছে প্রশ্নটা। ৯ নভেম্বর ব্রিসবেনে শুরু সিরিজের প্রথম টেস্টের জন্য গতকাল ঘোষিত ১২ জনের দলে হাডিনের বদলে উইকেটকিপার হিসেবে আছেন ২৪ বছর বয়সী ম্যাথু ওয়েড। ‘হাডিনের বদলে’ লেখাটা অবশ্য ঠিক হচ্ছে না। কারণ গত এপ্রিলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও উইকেটের পেছনে ছিলেন ওয়েড। তবে সেই সুযোগটা পেয়েছিলেন তিনি গুরুতর অসুস্থ কন্যার পাশে থাকার জন্য হাডিন দেশে ফিরে আসায়। সুযোগটা অবশ্য দুহাত ভরেই নিয়েছিলেন ওয়েড। প্রথম দুই টেস্টে ২৮, ১৮, ১১ ও অপরাজিত ৩১ রানের পর তৃতীয় ও শেষ টেস্টে সেঞ্চুরি (১০৬) করার পরই হাডিনের কপাল পোড়া একরকম নিশ্চিত হয়ে গিয়েছিল। কাল সংবাদ সম্মেলনে নির্বাচক কমিটির অন্যতম সদস্য অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্কের কথাতেও পরিষ্কার, ওই সেঞ্চুরিটাই ‘কঠিন সিদ্ধান্ত’টিকে ওয়েডের পক্ষে নিয়ে গেছে। ‘এটা ছিল খুব কঠিন সিদ্ধান্ত। এ নিয়ে অনেক আলোচনা হয়েছে। শেষপর্যন্ত আমাদের সিদ্ধান্ত ম্যাথু ওয়েড। তাঁর সর্বশেষ টেস্ট ম্যাচে সে সেঞ্চুরি করেছে, এই সুযোগটা তাই তাঁর প্রাপ্য’—এ কথা বলার পর ক্লার্ক জানিয়েছেন হাডিনের জন্য দুয়ার বন্ধ হয়ে যায়নি। প্রধান নির্বাচক জন ইনভেরারিটিও হাডিনকে এই আশ্বাসবাণী শুনিয়েছেন। তবে সত্যি এটাই যে ওয়েড ধারাবাহিকভাবে ব্যাটিংয়ে ব্যর্থ না হলে হাডিনের ফেরার সম্ভাবনা খুবই কম।বিবেচনাটা ব্যাটিংই হবে। কারণ হাডিনকে নিয়ে বেশ কিছুদিন ধরে যে প্রশ্নটা উঠেছে, সেটি তাঁর ব্যাটিং-গড় গত দুই বছরে ৩৫.৮২-এ নেমে এসেছে বলেই। হাডিন ছাড়া বাদ পড়াদের মধ্যে উল্লেখযোগ্য ১৯ বছর বয়সী ফাস্ট বোলার প্যাট কামিন্স। গত বছর জোহানেসবার্গে একমাত্র টেস্টে ৭ উইকেট নেওয়ার পর চোটের কারণে আর কোনো টেস্টে খেলা হয়নি তাঁর। টি-টোয়েন্টি বিশ্বকাপে খেললেও ইনভেরারিটি টেস্টে ফেরানোর আগে কামিন্সের ফিটনেস নিয়ে আরেকটু নিশ্চিত হতে চান। শেফিল্ড শিল্ডে সেটির প্রমাণ দিতে পারলে পার্থে তৃতীয় টেস্টের জন্য কামিন্স বিবেচনায় আসবেন বলেও জানিয়েছেন তিনি।১২ জনের দল বলে অস্ট্রেলিয়ার একাদশ নিয়ে জল্পনা-কল্পনায় প্রশ্ন থাকছে একটাই—চার ফাস্ট বোলার নিয়ে নামবেন কি না মাইকেল ক্লার্ক? যদি অফ স্পিনার নাথান লায়ন একাদশে থাকেন, তা হলে পিটার সিডল, বেন হিলফেনহস, জেমস প্যাটিনসন ও মিচেল স্টার্কের মধ্যে কারও বাদ পড়ার কথা। সেটি হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ শেন ওয়াটসনও আছেন দলে। তিন টেস্টের এই সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকা দল গত রোববার সিডনি পৌঁছেছে। পৌঁছেই দক্ষিণ আফ্রিকান অধিনায়ক গ্রায়েম স্মিথের মনে পড়ে গেছে চার বছর আগের সুখস্মৃতির কথা। ২০০৮-০৯ মৌসুমে স্মিথের নেতৃত্বেই অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জিতেছিল দক্ষিণ আফ্রিকা। এএফপি ও রয়টার্স।