ওয়েডসন-ডার্লিংটনের অন্য লড়াই

একাদশে বড়সড় পরিবর্তন দেখে অবাকই হয়েছিলেন মুক্তিযোদ্ধার খেলোয়াড়েরা। আক্রমণে দুই বড় অস্ত্র সানডে ও এনকোচাকে বেঞ্চে বসিয়ে রাখলেন কোচ শফিকুল ইসলাম। বদলি হিসেবে একাদশে রাখা জেরার্ড লেডক্স ও সিরাজি দুজনই ডিফেন্ডার। মূলত রক্ষণ জমাট রেখে প্রতি-আক্রমণে খেলারই কৌশল নিয়েছিলেন মুক্তিযোদ্ধার কোচ।
কাজে আসেনি শফিকুলের কৌশল। হেরেছে তাঁর দল। ফ্লাডলাইটের আলোকস্বল্পতায় দুবার ম্যাচ বন্ধ থাকল ১০-১২ মিনিট, শেষ পর্যন্ত ২-০। এই জয়ে ১৩ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইল শেখ জামাল। সমান ম্যাচে ১৮ পয়েন্ট পাওয়া মুক্তিযোদ্ধা চারে।
শেখ জামালের গোল মানেই যেন ডার্লিংটন ও ওয়েডসনের হাত ধরাধরি করে এগোনো। কালও দুই গোলের একটি ওয়েডসনের, অন্যটি ডার্লিংটনের। লিগের সর্বোচ্চ গোলদাতার চেয়ারে বসার লড়াইয়ে ভালোই এগোচ্ছেন দুজন।
১৩ ম্যাচে ১২ গোল ডার্লিংটনের, যিনি আছেন সবার ওপরে। ১১ গোল করে পেছনে ছুটছেন ওয়েডসন। যদিও দুজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার বিষয়টিকে অন্যভাবে দেখাতে চাইলেন ওয়েডসন, ‘কে গোল করছে সেটি বড় নয়, বড় হলো আমরা ম্যাচ জিতছি। গোলের চেয়ে ম্যাচ জয়ের দিকেই আমার বেশি মনোযোগ।’
গত ম্যাচে ফেনী সকারের সঙ্গে কোনো রকমে হার এড়িয়েছিল শেখ জামাল (২-২)। তাই কাল জয়ের জন্য শুরু থেকেই ঝাঁপিয়েছে শেখ জামাল। তবে প্রথম গোল এসেছে ৫১ মিনিটে। ইয়ামিনের ক্রস থেকে হেডে ওয়েডসনের গোল। ৭৭ মিনিটে ওয়েডসনের ক্রসে অরক্ষিত ডার্লিংটন মাথা ছুঁয়ে ব্যবধান করলেন দ্বিগুণ। দলের সবচেয়ে বড় ভরসা সনি নর্দেকে ছাপিয়ে ওয়েডসন-ডার্লিংটনই এ ম্যাচের নায়ক।
দুই নিয়মিত ফরোয়ার্ডকে বাইরে রেখে কোনো কাজ হয়নি, ম্যাচ শেষে স্বীকার করলেন শফিকুল, ‘আমার কৌশল কাজে আসেনি। প্রথম গোলটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে।’ জয়ে ফিরে উচ্ছ্বসিত শেখ জামাল কোচ আপুসি, ‘ছেলেরা দুর্দান্ত খেলেছে। সব কৃতিত্ব ওদের।’