ওয়েডেরও একটা গল্প আছে
শুধু ল্যান্স আর্মস্ট্রং কেন? যুবরাজ সিং যদি প্রেরণা খুঁজতে চান তো ক্রিকেট পরিবারের মধ্যেই পেয়ে যাবেন। ম্যাথু ওয়েডের কাছে জমা আছে এমনই এক গল্প।এ মাসেই ওয়ানডে অভিষিক্ত এই অস্ট্রেলীয় উইকেটরক্ষকের শরীরে ক্যানসার ধরা পড়েছিল ১৬ বছর বয়সে। একদমই প্রাথমিক পর্যায়ে ধরা পড়েছিল বলে মাত্র দুটি কেমোথেরাপি নিয়েই সুস্থ হয়ে ওঠেন।সৌভাগ্য বলতেই হবে। ক্যানসারটাও ধরা পড়েছিল একেবারেই অপ্রত্যাশিতভাবে। সে সময় ক্রিকেট আর অস্ট্রেলিয়ান ফুটবল—দুটিই খেলতেন। ক্রিকেট খেলবেন কি না অস্ট্রেলিয়ান ফুটবল, সিদ্ধান্ত নিতে পারছিলেন না। সেই সময়, ওই সবুজ বয়সে ভয়াবহ এক অভিজ্ঞতার সামনে দাঁড়াতে হলো!ফুটবল খেলতে গিয়ে চোট পান কুঁচকিতে। সেটার চিকিৎসা করাতে গিয়েই সৌভাগ্যবশত শনাক্ত হয় ক্যানসার। ২৪ বছর বয়সী এই ক্রিকেটার সেই অভিজ্ঞতার কথাই বলছেন, ‘চিকিৎসকেরা বললেন, আমার অণ্ডকোষে যদি আঘাত না লাগত, তাহলে বুঝতেই পারতাম না ওখানে টিউমারটি আছে। তাই বলতে পারেন, আমি বেশ সৌভাগ্যবানই ছিলাম, আমার ওই জায়গাতেই আঘাতটা লেগেছিল, সে কারণেই চিকিৎসকের কাছে গিয়েছিলাম।’বয়স কম ছিল, ক্যানসার সম্পর্কে তেমন ধারণাও ছিল না। ফলে শুরুতে ভ্যাবাচ্যাকা খেয়ে গিয়েছিলেন বলেই জানালেন ওয়েড, ‘মনে হচ্ছিল, এটা পরাবাস্তব কোনো ঘটনা। হাসপাতালে বসে যখন শুনলাম, আমাকে কেমোথেরাপি নিতে হবে, আমার চুল পড়ে যাবে, ইত্যাদি...এর আগ পর্যন্ত কিছুই বুঝতে পারছিলাম না। মাত্র ১৬ বছর বয়সে যখন আপনি এটা বুঝতে পারবেন, তখনই সেটা গুরুতর একটা বিষয় হয়ে উঠবে।’অথচ এর আগে অসুখটাকে পাত্তাই দেননি, ‘এর আগে আমি জানতামই না। ভেবেছিলাম, একটা অস্ত্রোপচার হবে, তাতেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু ওদের সঙ্গে কথা বলার পরই বুঝলাম, এটা কত বিপজ্জনক। সেই অবস্থা থেকে বেঁচে ফিরতে পারায় আমি আসলেই সৌভাগ্যবান।’এই ক্যানসারে মন্দের ভালো যেটা হয়েছে, ফুটবল না ক্রিকেট—এই সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে তাঁকে, ‘কয়েকটা বছর ধরে আমি শুধু নির্ভার থেকে জীবনের ছোট ছোট জিনিসগুলোই উপভোগ করতে থাকলাম। অণ্ডকোষের ক্যানসার ধরা পড়ার সময়টা আমার জীবনের খুবই কঠিন মুহূর্ত ছিল। আমার ফুটবল ক্যারিয়ারের জন্যও সেটা ছিল কঠিন মুহূর্ত। আমি খেলা চালিয়ে গেছি, কিন্তু আগের মতো খেলতে পারছিলাম না। ওই সময়টায় আমি শিক্ষানবিশ হিসেবেই খেলেছি, কারণ আমার মনে হয়েছে, পেশাদার খেলোয়াড় হওয়ার আর প্রশ্নই আসে না।’জীবনেই কখনো আশা করেননি এত দূর আসবেন। অস্ট্রেলিয়া জাতীয় দল? রাজ্য দলই একসময় তাঁর কাছে ছিল দূরের বাতিঘর। কিন্তু এই ছোট্ট জীবনেই দেখেছেন, পথের বাঁকে বাঁকে কতই না রহস্য, রোমাঞ্চ আর বিস্ময় লুকিয়ে! ওয়েবসাইট।