ওয়েন ফিরতে চান জাতীয় দলে
১৯৯৮ বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে অসাধারণ এক গোল করে বিশ্বব্যাপী হইচই ফেলে দিয়েছিলেন মাইকেল ওয়েন। আবারও এক ম্যাচের নৈপুণ্য দিয়ে আলোচনায় ওয়েন। এটি বিশ্বকাপের তুলনায় যথেষ্টই ছোট ম্যাচ। গত মঙ্গলবার কার্লিং কাপে লিডস ইউনাইটেডের বিপক্ষে ম্যানইউর ৪-০ গোলের জয়ে ওয়েন একাই করেন দুই গোল। এই ম্যাচের পারফরম্যান্স আবার তাঁকে স্বপ্ন দেখাচ্ছে ইংল্যান্ড জাতীয় দলে খেলার।ওয়েনের স্বপ্নের বীজ বুনে দিয়েছেন স্যার অ্যালেক্স ফার্গুসন। লিডসের বিপক্ষে ম্যাচের পর ম্যানইউর কোচই প্রথম বলেছেন, মাইকেল ওয়েন এখনো ইংল্যান্ড দলে খেলার সামর্থ্য রাখে। ‘ফ্যাবিও ক্যাপেলোর দলে একজন মাইকেল ওয়েন নেই’—বলে ওয়েনকে দলে ফেরানোর জন্য ইংল্যান্ড কোচের কাছে পরোক্ষে একটা সুপারিশও করেছেন ফার্গুসন। ক্লাব কোচের সুরে সুর মিলিয়ে ওয়েন নিজেও বলছেন, ক্যাপেলো চাইলে তিনি আবার ইংল্যান্ডের হয়ে খেলবেন।১৯৯৮ সালে ইংল্যান্ডের সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে অভিষেক এবং গোল করার রেকর্ড করেছিলেন (২০০৩ সালে রুনি ভেঙে দেওয়ার আগ পর্যন্ত রেকর্ডটি অক্ষত ছিল)। ইংল্যান্ডের পক্ষে সপ্তম সর্বোচ্চ ৮৯টি ম্যাচ খেলে করেছেন ৪০টি গোল। ইংল্যান্ডের হয়ে তাঁর চেয়ে বেশি গোল করেছেন কেবল তিনজন—ববি চার্লটন (১০৬ ম্যাচে ৪৯টি), গ্যারি লিনেকার (৮০ ম্যাচে ৪৮টি) ও জিমি গ্রিভস (৫৭ ম্যাচে ৪৪টি)। ১৯৯৮ ও ২০০২ বিশ্বকাপ, ২০০০ ও ২০০৪ ইউরো—ইংল্যান্ডের একমাত্র ফুটবলার হিসেবে চারটি বড় টুর্নামেন্টে খেলেছেন কেবল তিনিই। ২০০৬ বিশ্বকাপের দলেও ছিলেন ওয়েন। কিন্তু চোটের কারণে খেলতে পারেননি।এই ওয়েনই কিনা মাত্র ৩১ বছর বয়সে জাতীয় দলে ব্রাত্য! ২০০৮ সালে ক্যাপেলো দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি উপেক্ষিত। শুরুতে দু-একবার দলে নিলেও বসিয়ে রেখেছেন সাইড বেঞ্চে। পরে যেন ওয়েনের নামটাই ভুলে গেছেন ক্যাপেলো! ওয়েনের কণ্ঠেও তাই আক্ষেপ, ‘এক দশকের বেশি সময় আমি প্রতিটি স্কোয়াডেই ছিলাম এবং হঠাৎই বাদ পড়ে গেলাম। আমি কখনোই এটা বদলাতে পারব না। কিন্তু হূদয়ে একটা ক্ষত তো অবশ্যই রয়ে গেছে।’ এর পরই তাঁর কণ্ঠে ঝরেছে ফেরার আকুতি, ‘যদি আমি ডাক পাই, পাঁচ মিনিটের মধ্যেই আমি দৌড়ে হাজির হব।’ ওয়েবসাইট।