ওয়েনের সেরা পার্সি
ইংল্যান্ডের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারটি এবার উঠবে কার হাতে? মাইকেল ওয়েনের প্রার্থী নির্বাচন শেষ। ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা বর্ষসেরা খেলোয়াড় হিসেবে বেছে নিয়েছেন রবিন ফন পার্সিকে।মৌসুমে ইতিমধ্যেই লিগে ২৬টি গোল করে ফেলেছেন আর্সেনালের অধিনায়ক। তাঁর কাঁধে চেপেই আর্সেন ওয়েঙ্গারের দল এখন পয়েন্ট তালিকার তিন নম্বরে। টুইটারে ৩২ বছর বয়সী ইংলিশ স্ট্রাইকার ভোটটা দিয়ে দিয়েছেন পার্সিকে, ‘মৌসুমের এ পর্যন্ত সেরা খেলোয়াড়? আমি রবিন ফন পার্সির কথাই বলব। আমার মতে সেই বিজয়ী।’শুধু খেলোয়াড়ের পুরস্কার নয়, বর্ষসেরা দল এবং বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়ও বাছাই করেছেন ওয়েন। শিরোপার লড়াইয়ে থাকা তাঁর দল ম্যানইউ কিংবা ম্যানচেস্টার সিটি নয়, ওয়েনের মতে বর্ষসেরা দল নিউক্যাসল ইউনাইটেড। আর বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় টিম ক্রুল। ‘বর্ষসেরা দল কোনটি? একাধিক দল দাবিদার। কিন্তু আমার মতে নিউক্যাসলই সেরা।’ উদীয়মান খেলোয়াড় বাছাই করে তাঁর টুইট, ‘বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়? একজনকে বেছে নেওয়া কঠিন। বয়স ২৩-এর কম হতে হবে। আমি বলব টিম ক্রুলের কথা।’ ওয়েবসাইট।