ওয়েবের কঠিন দুই ঘণ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ফাইনালের পর থেকে সবচেয়ে বেশি আলোচনায় তিনিই। হল্যান্ডের ফুটবলাররা পরাজয়ের জন্য সরাসরিই দায়ী করেছেন তাঁকে, ডাচ মিডিয়া তো ধুয়েই ফেলেছে। বিশেষজ্ঞদের অনেকে আবার তাঁকে দুষছেন হল্যান্ডকে আরও বেশি কার্ড না দেখানোয়। যাঁকে নিয়ে এত আলোচনা-সমালোচনা, সেই হাওয়ার্ড ওয়েব এবার মুখ খুলেছেন। সমালোচনার কোনো জবাব অবশ্য দেননি বিশ্বকাপ ফাইনালের রেফারি, জানিয়েছেন ওই সময়ে তাঁর মানসিক অবস্থার কথা।‘আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন দুটি ঘণ্টা পার করেছি রোববার রাতে। শারীরিক ও মানসিকভাবে আমি পুরোপুরি নিঃশেষ হয়ে গেছি। তবে স্বস্তিদায়ক হলো, ফিফা সব সময়ই সমর্থন দিয়ে গেছে; শুধু আমাকে নয়, আমাদের সবার পুরো টুর্নামেন্টের পারফরম্যান্সকেই’—ঘনিষ্ঠ বন্ধুদের কাছে নাকি এমনটাই বলেছেন ওয়েব, জানিয়েছে দ্য ডেইলি মেইল।১৭ বছর ধরে রেফারিং করছেন, ফিফার তালিকাভুক্ত হয়েছেন পাঁচ বছর আগে। গত বছর কনফেডারেশনস কাপে রেফারিং করেছেন, পরিচালনা করেছেন এবারের উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালও। এতটা প্রচারে এর আগে কখনোই আসেননি। এবার আলোচনায় আছেন ফাইনালের দিন তিনেক আগে থেকেই, যখন ফাইনালের রেফারি হিসেবে তাঁর নাম ঘোষণা করল ফিফা। ১৯৭৪ ফাইনালের পর এই প্রথম বিশ্বকাপ ফাইনাল পরিচালনার দায়িত্ব পড়ল কোনো ইংলিশ রেফারির ওপর, ওয়েব ছিলেন তাই রোমাঞ্চিত। কিন্তু পেশাগত জীবনে এই ৩৮ বছর বয়সী পুলিশ সার্জেন্টের রোমাঞ্চটা ফাইনালের পর পরিণত হয়েছে হতাশায়।ফাইনালের পর থেকেই অবশ্য ফিফার সমর্থন পেয়ে যাচ্ছেন ওয়েব আর ফাইনালে তাঁর দুই সহকারী মাইক মুলারকি ও ড্যারেন কান। পরশু ওয়েবের প্রতি আরও একবার সমর্থন জানানো ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার বরং ক্ষিপ্ত খেলোয়াড়দের আচরণে, ‘অফিসিয়ালদের পারফরম্যান্স পর্যালোচনা করার লোক আমি নই। আমি শুধু এটুকু বলতে পারি, ফাইনালের তিন রেফারির কাজটা ছিল খুব কঠিন। আমি এটাও বলব, খেলোয়াড়েরা তাদের কাজ আরও কঠিন করে তুলেছিল। সবাইকে হার-জিত মেনে নেওয়াটা শিখতে হবে। শ্রদ্ধা ও শৃঙ্খলা বলে খেলায় যে দুটি ব্যাপার আছে, তা ভুলে গেলে চলবে না।’ ওয়েবসাইট।