ওয়েম্বলিতে আজ ম্যানচেস্টার ডার্বি
১৯৯৮-৯৯ মৌসুমে ক্লাব ইতিহাসের একমাত্র ‘ট্রেবল’ জিতেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। এক যুগের ব্যবধানে আবার অ্যালেক্স ফার্গুসনের দলের সামনে দ্বিতীয়বারের মতো ‘ট্রেবল’ জয়ের হাতছানি। কিন্তু ম্যানইউর এই স্বপ্নে আজই পানি ঢেলে দিতে চায় নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি।আজ ওয়েম্বলিতে এফএ কাপের প্রথম সেমিফাইনাল। তাতে মুখোমুখি ম্যানচেস্টার শহরের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানইউ ও ম্যান সিটি। রবার্তো মানচিনির দল কি পারবে ম্যানচেস্টার শহরের বাইরে এই ‘ম্যানচেস্টার ডার্বি’ জিতে ফার্গুসনের দলের ‘ট্রেবল’ জয়ের স্বপ্ন ভেঙে দিতে?ইতিহাস, পরিসংখ্যান—এগিয়ে রাখছে ম্যানইউকেই। দুই দলের দ্বৈরথে যেমন ফার্গুসনের দল এগিয়ে (ম্যানইউ ৫৮ জয়, ম্যান সিটি ৩৭), তেমনি এফএ কাপের সাফল্যও ম্যানইউর হয়েই কথা বলছে। সর্বোচ্চ ১১ বার শিরোপা জিতেছে ম্যানইউ, ম্যান সিটি ৪ বার। ম্যানইউ সর্বশেষ এফএ কাপের শিরোপা ঘরে তোলে ২০০৩-০৪ মৌসুমে। ম্যান সিটির শিরোপা স্মৃতিতে ৪২ বছরের ধুলো জমেছে। তাদের সর্বশেষ শিরোপা জয় ১৯৬৯ সালে।তবে এই ম্যান সিটি অন্য ম্যান সিটি, বস্তা বস্তা টাকা ঢেলে যারা ‘দৈত্য’ হয়ে উঠেছে। দুই দলের সাম্প্রতিক পারফরম্যান্স বলছে আগুনে লড়াই-ই হবে ওয়েম্বলিতে। নভেম্বরে লিগের প্রথম সাক্ষাতে ম্যান সিটির মাঠ ইস্টল্যান্ডে ফার্গুসনের দলকে গোলশূন্য রুখে দিয়েছিল মানচিনির দল। গত ফেব্রুয়ারিতে ওল্ড টাফোর্ডে ম্যানইউ জেতে রুনি-জাদুতে।এই হারের বদলাই নিতে চায় ম্যান সিটি। কিন্তু মানচিনির কপালে দুশ্চিন্তার ভাঁজ। চার দিন আগের লিভারপুলের কাছে ৩-০ গোলে হারের হতাশা তো আছেই। তার ওপর চোট আজ খেলতে দিচ্ছে না কার্লোস তেভেজকে। একই রকম দুশ্চিন্তা ফার্গুসনেরও। নিষেধাজ্ঞার কারণে খেলতে পারবেন না রুনি। তেভেজের শূন্যতা পূরণে মানচিনির অস্ত্র মারিও বালোতেল্লি ও এডিন জেকো। বালোতেল্লি ইস্টল্যান্ডের মন ভরাতে না পারলেও আজ মানচিনি আশাবাদী, সে নিজেকে প্রমাণ করবেই, ‘মারিও জানে, ওকে আরও দায়িত্ব নিতে হবে।’সদ্যই চেলসিকে হারিয়ে নিশ্চিত করেছে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল। রুনিকে না পেলেও ম্যানইউ রয়েছে উৎসবের আমেজেই। এএফপি।