ওয়েম্বলিতে আজ স্পেন-ইংল্যান্ড
২০১২ সালের ১ জুলাই। কিয়েভের অলিম্পিক স্টেডিয়ামে ইউরোর ফাইনালে মুখোমুখি স্পেন ও ইংল্যান্ড...!বর্তমান বিশ্ব ও ইউরো চ্যাম্পিয়ন স্পেন আবারও খেলতে পারে ফাইনাল। কিন্তু ইংল্যান্ড? শক্তি-সামর্থ্য তাদের আছে, সন্দেহ নেই। কিন্তু ইতিহাস বলছে, একবার বিশ্বকাপ জিতলেও মহাদেশীয় প্রতিযোগিতার ফাইনালে কখনো ওঠা হয়নি ইংলিশদের। স্পেন-ইংল্যান্ড ফাইনালের পক্ষে বাজির দর তাই কেমন থাকবে, বলা মুশকিল। তবে এমন একটা ছবিই কিন্তু দেখতে পাচ্ছেন জাবি আলোনসো। ওয়েম্বলিতে আজ প্রীতি ম্যাচে মুখোমুখি হচ্ছে ইউরোপিয়ান ফুটবলের এই দুই পরাশক্তি। ম্যাচের আগে স্প্যানিশ মিডফিল্ডার বলছেন, আগামী ইউরোতে স্পেন-ইংল্যান্ড ফাইনাল হলে মন্দ হয় না!মনে মনে ওই ছবি আঁকছেন বলেই কিনা, আজকের ম্যাচকে স্রেফ একটা প্রীতি ম্যাচ হিসেবে দেখতে নারাজ আলোনসো, ‘এটা মোটেও প্রীতি ম্যাচ নয়—বিশ্ব ফুটবলের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। আমার কোনো সন্দেহই নেই, আগামী ইউরোর অন্যতম ফেবারিট দল ইংল্যান্ড। স্পেন-ইংল্যান্ড ফাইনাল হলে সেটা হবে অসাধারণ কিছু, সমর্থকদের জন্য দারুণ একটা ব্যাপার।’এমন ‘গুরুত্বপূর্ণ’ ম্যাচে ইংল্যান্ড পাচ্ছে না তাদের অনেক গুরুত্বপূর্ণ ফুটবলারকেই। ছয়টি বা তার চেয়ে কম ম্যাচ খেলেছেন, স্কোয়াডে এমন খেলোয়াড় আছেন ১১ জন। চোটের কারণে নেই স্টিভেন জেরার্ড। স্পেনের গোলরক্ষক ইকার ক্যাসিয়াসের জন্য এই প্রীতি ম্যাচটিও স্মরণীয় এক উপলক্ষ হয়ে এসেছে। স্প্যানিশ অধিনায়ক আজ ছুঁতে যাচ্ছেন স্পেনের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড। ভাগ বসাচ্ছেন আরেক গোলরক্ষক আনদোনি জুবিজারেতার রেকর্ডটিতে। জুবিজারেতা স্পেনের জার্সিতে ১২৬তম ম্যাচটি খেলেছিলেন ৩৭ বছর বয়সে। ক্যাসিয়াসের মাত্র ৩০ চলছে। বিশ্বকাপ ও ইউরোজয়ী অধিনায়ক খেলা ছাড়ার আগে রেকর্ডটাকে বোধ হয় বাকিদের ধরাছোঁয়ার বাইরেই নিয়ে যাবেন। এএফপি, ওয়েবসাইট।