ওয়েম্বলিতে ইংল্যান্ডের ড্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েম্বলিতে ইংল্যান্ডকে আটকে দিয়েছে সুইজারল্যান্ড, মেসিডোনিয়ার বিপক্ষে রেকর্ড গড়েছেন রবি কিন, পিটার্সবার্গে দারুণ এক হ্যাটট্রিক করে রাশিয়াকে জিতিয়েছেন পাভলিউচেঙ্কো, লিসবনে জয় পেয়েছে পর্তুগাল—পরশু ইউরো বাছাইপর্বের এই হলো সারসংক্ষেপ।ওয়েম্বলিতে জয়ের প্রত্যাশা নিয়েই মাঠে নেমেছিল ফ্যাবিও ক্যাপেলোর ইংল্যান্ড। কিন্তু প্রথমার্ধ শেষে উল্টো ইংলিশদেরই পেয়ে বসে পরাজয়ের শঙ্কা। ৩ মিনিটের মধ্যে (৩২ ও ৩৫ মিনিট) বার্নেটার জোড়া গোলে ২-০-তে পিছিয়ে পড়ে ইংল্যান্ড। মিনিট দুয়েকের মধ্যেই অবশ্য পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। তবে ইংল্যান্ড প্রথমার্ধের খেলা শেষে করে ২-১-এ পিছিয়ে থেকে। ক্যাপেলোর মান রাখেন ‘সুপার সাব’ অ্যাশলি ইয়ং। দ্বিতীয়ার্ধে নেমে ৫১ মিনিটে সমতাসূচক গোলটি করেন অ্যাস্টন ভিলার উইঙ্গার।অ্যাস্টন ভিলার একজন সুযোগ পেয়ে কাজে লাগিয়েছেন, আরেকজন সুযোগ পেয়ে তা হারিয়েছেন। ইংল্যান্ডকে জয় এনে দেওয়ার। কিন্তু দুবার করে গোল করার সহজতম সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি ড্যারেন বেন্ট। দ্বিতীয়বার তো ফাঁকা গোলেও বল ঠেলতে পারেননি। কোচ ক্যাপেলো কী বলেন, দ্বিতীয় গোলের সুযোগ নষ্ট করার পর থেকেই ছিলেন এই ভয়ে। তবে বেন্টকে ক্ষমা করে দিয়েছেন ইংল্যান্ডের কোচ। ‘দ্বিতীয় গোলটি মিস করার পর আমি টাচলাইনের কাছেও যাইনি, ম্যাচ শেষে সোজা ড্রেসিংরুমে চলে গেছি। কিন্তু ফ্যাবিও আমাকে বলেছে, ভয়ের কিছু নেই!’—বলেছেন বেন্ট।এই সুযোগ কাজে লাগাতে না পারার খেসারত ইংল্যান্ডকে দিতে হয় নাকি কে বলতে পারে। গত ইউরোতে বাছাইপর্ব পেরোতে না পারা ইংল্যান্ড এবার এখন পর্যন্ত তালিকার শীর্ষে ঠিকই, তবে তাদের ঘাড়ের ওপরেই আছে মন্টেনেগ্রো। পাঁচ ম্যাচ শেষে দুই দলের পয়েন্ট সমান—১১। গোল ব্যবধানে পিছিয়ে থাকার কারণে দ্বিতীয় স্থানে মন্টেনেগ্রো। পাভলিউচেঙ্কোর হ্যাটট্রিকে ৩-০ গোলে জিতলেও পয়েন্ট তালিকার শীর্ষে নয় রাশিয়া। ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে তারা। তবে সার্থক রবি কিনের রেকর্ড গড়ার দিনটি। জোড়া গোলে আন্তর্জাতিক গোল করার ফিফটি পেরিয়েছেন এই আইরিশ তারকা। প্রথম ব্রিটিশ বা আইরিশ হিসেবে ৫০ গোল করে ইতিহাসে নাম লিখিয়েছেন তিনি। এই ম্যাচের আগ পর্যন্ত ববি চার্লটনের সঙ্গে যৌথভাবে ছিলেন সর্বোচ্চ গোলদাতা। কিনের আনন্দটা ভিন্ন মাত্রা পাওয়ার কথা মেসিডোনিয়াকে ২-০ গোলে হারিয়ে তাঁর দল শীর্ষে ওঠায়। পয়েন্ট অবশ্য রাশিয়ার সমান ১৩-ই। এই গ্রুপে ১৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে স্লোভাকিয়া। সবাই খেলেছে ৬টি করে ম্যাচ, কেবল গোল ব্যবধানই আলাদা করেছে দল তিনটিকে।পিঠাপিঠি অবস্থা পর্তুগালের গ্রুপেও। পর্তুগাল, নরওয়ে, ডেনমার্ক—তিন দলেরই পয়েন্ট ১০। ম্যাচও খেলেছে তারা ৫টি করে। পরশু পস্টিগার একমাত্র গোলে নরওয়েকে হারানো ক্রিস্টিয়ানো রোনালদোর দল পর্তুগাল গোল ব্যবধানে এগিয়ে থাকার কারণে শীর্ষে। এরপর নরওয়ে ও ডেনমার্ক। এএফপি, রয়টার্স।