ওয়েম্বলির দুঃস্বপ্ন ঘুচবে আজ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত হয়েছে আগেই। আর্মেনিয়ার সঙ্গে আজকের ম্যাচটা ইতালির জন্য নিয়মরক্ষার। অনুশীলনে যাওয়ার আগে মারিও বালোতেল্লি পড়লেন ভক্তদের কবলে। পরশু নেপলসে এএফপি
বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত হয়েছে আগেই। আর্মেনিয়ার সঙ্গে আজকের ম্যাচটা ইতালির জন্য নিয়মরক্ষার। অনুশীলনে যাওয়ার আগে মারিও বালোতেল্লি পড়লেন ভক্তদের কবলে। পরশু নেপলসে এএফপি

যত দিন বেঁচে ছিলেন তত দিন স্যার অ্যালফ রামসেকে আততায়ীর মতো তাড়া করে বেড়িয়েছে একটা স্মৃতি। ১৯৭৩ সালে পোল্যান্ডের সঙ্গে সেই ম্যাচটা রামসের কোচিং ক্যারিয়ারেরই দগদগে ক্ষত। বিশ্বকাপে খেলতেই পারবে না (প্রথম তিনটি বিশ্বকাপ বর্জন করেছিল ইংলিশরা) সেটা কি কখনো কল্পনাও করেছিল ইংল্যান্ড? ওয়েম্বলির শেষ ম্যাচে দরকার ছিল জয়। কিন্তু ইংলিশদের চোখের জলে ভাসিয়ে ম্যাচটা ড্র হলো ১-১ গোলে। ১৯৭৪ বিশ্বকাপে ইংল্যান্ড নামের কোনো দলই তাই ছিল না। বরখাস্ত হয়ে স্যার রামসেকে মাশুল দিতে হয়েছিল সেই ‘লজ্জার’।
হঠাৎ পুরোনো কাসুন্দি নিয়ে এত ঘাঁটাঘাঁটি কেন? আবার ওয়েম্বলিতে ফিরছে পোল্যান্ড, সেই বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে। সেবারের সমীকরণের চেয়ে এবার একটাই পার্থক্য, আজ না জিতলে ব্রাজিল বিশ্বকাপে খেলার সুযোগ হয়তো তার পরও থাকবে। কিন্তু প্লে-অফের ‘হ্যাপায়’ কেই-বা যেতে চায়? জয় দিয়ে ৪০ বছরের দুঃস্বপ্নটা পাথরচাপা দেওয়ার সুযোগও ইংল্যান্ডের সামনে। ম্যাচের আগে ঘুরেফিরে তাই সেই স্মৃতি আসছেই। কোচ রয় হজসনের সতর্ক উচ্চারণ, ‘তারা প্যাডেল থেকে পা সরিয়ে ফেলবে সেটা আমি কল্পনাও করছি না। ১৯৭৩ সালে যেমন করেছিল, এবারও পোলিশরা এখানে এসে ভালো একটা ফলের জন্য খেলবে। ওরা নিজেদের সেরাটাই দেবে ধরে আমরা প্রস্তুতি নিচ্ছি।’
হল্যান্ড, ইতালি, জার্মানি, বেলজিয়াম, সুইজারল্যান্ড নিশ্চিত করেছিল আগেই। আজ ইউরোপ থেকে সরাসরি বিশ্বকাপ টিকিট পাবে আরও চারটি দল। নিজেদের গ্রুপে স্পেন, ইংল্যান্ড, রাশিয়া ও বসনিয়া এখন শীর্ষে। আজ নিজ নিজ জয় মানেই বিশ্বকাপের টিকিট উঠে যাবে হাতে।
অবশ্য সবার সমীকরণ একরকম নয়। ইংল্যান্ড ও বসনিয়ার যেমন জয় পেতেই হবে। ইংল্যান্ডের চেয়ে ১ পয়েন্ট পিছিয়ে থাকা ইউক্রেনের শেষ ম্যাচটা সান মারিনোর সঙ্গে, যারা বাছাইপর্বে ৯ ম্যাচে ৪৬ গোল হজম করেছে।
ওদিকে বসনিয়া ও গ্রিস ২২ পয়েন্ট নিয়ে একই সমতলে। আজ অবশ্য লিথুয়ানিয়ার বিপক্ষে জিতলে বসনিয়াই চলে যাবে ব্রাজিলে। গোল ব্যবধানে গ্রিসের চেয়ে অনেক এগিয়ে বসনিয়া। সেই সঙ্গে প্রথমবারের মতো কোনো বড় আসরের হাতছানিও তাদের সামনে। গ্রিসের শেষ ম্যাচের প্রতিপক্ষ অবশ্য দুর্বল লিকটেনস্টেইন। সেই ম্যাচে জয় পেলেই শুধু হবে না, বসনিয়ার হোঁচট খাওয়ার প্রার্থনাও করতে হবে গ্রিসকে।
স্পেন-রাশিয়ার কাজটা তুলনামূলক সহজ। শেষ ম্যাচ থেকে ১ পয়েন্ট হলেই চলছে এই দুই দলের। প্রতিপক্ষও বড় কোনো বাধা হওয়ার কথা নয়। নিজেদের মাঠে জর্জিয়ার বিপক্ষে না জিতলে স্পেনের জন্য সেটি হবে অঘটনই। তবে স্পেনকে সামনে পেয়ে ভয় পাচ্ছে না জর্জিয়া। বরং জর্জিয়ার কোচ তেমুর কেতসবাতিয়ার স্বপ্ন আঁকছেন চোখে, ‘বিশ্ব চ্যাম্পিয়নদের নিজেদের মাঠে হারাতে পারলে কেমন অনুভূতি হবে সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারব না।’
স্পেনের গ্রুপে স্পেনই শীর্ষে। দ্বিতীয় স্থানে ফ্রান্স। স্পেন জিতলে বা ড্র করলেই ফ্রান্সকে প্লে-অফের পরীক্ষাতই যেতে হবে। পর্তুগালের সামনেও ঝুলছে সম্ভাব্য প্লে-অফের খাঁড়া। পর্তুগালের গ্রুপ থেকে রাশিয়াই সরাসরি যেতে পারে বিশ্বকাপে। আজারবাইজানের সঙ্গে ড্র করলেই চলে রাশিয়ার।
জার্মানি-সুইডেন ম্যাচটা সেই অর্থে গুরুত্বপূর্ণ নয়। জার্মানি উঠে গেছে চূড়ান্ত পর্বে, সুইডেন খেলবে প্লে-অফ। কিন্তু বার্লিনে দুই দলের আগের ম্যাচটা ঠাঁই পেয়ে গেছে ফুটবলের ধ্রুপদি তালিকায়। গত বছর জার্মানির মাটিতেই চার গোলে পিছিয়ে থেকেও সুইডেন সেই ম্যাচে ড্র করেছিল জার্মানির সঙ্গে। ইব্রাবিহীন সুইডেন কি পারবে আজ তেমন কোনো বিস্ময় উপহার দিতে? এএফপি।
আজ মুখোমুখি
ইতালি - আর্মেনিয়া
বুলগেরিয়া - চেক প্রজাতন্ত্র
সুইডেন - জার্মানি
তুরস্ক - হল্যান্ড
পর্তুগাল - লুক্সেমবার্গ
আজারবাইজান - রাশিয়া
লিথুয়ানিয়া - বসনিয়া
ইংল্যান্ড - পোল্যান্ড
স্পেন - জর্জিয়া
ফ্রান্স - ফিনল্যান্ড
* প্রথমে স্বাগতিক দল