ওয়েলবেক-জাদুতে জয় ম্যানইউর
গত মৌসুমে লিগে নিজেদের মাঠে দুটি মাত্র পয়েন্টই হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সেবার যেখানে শেষ করেছিল, ঘরের মাঠে এবার যেন সেখান থেকেই শুরু করল অ্যালেক্স ফার্গুসনের দল। ওল্ড ট্র্যাফোর্ডে এ মৌসুমের প্রথম ম্যাচে পরশু টটেনহাম হটস্পারকে ৩-০ গোলে হারিয়েছে ফার্গুসনের তরুণ দল।মৌসুম শুরুর বাজনা বাজিয়ে যাওয়া কমিউনিটি শিল্ডে তরুণ দল মাঠে নামিয়েছিলেন ম্যানইউ কোচ। ড্যানি ওয়েলবেক, টম ক্লেভারলি, ক্রিস স্মলিং, ফ্যাবিও, রাফয়েল—তরুণ ‘রেড ডেভিল’রা কোচের আস্থার প্রতিদান দিয়ে জিতিয়েছিলেন কমিউনিটি শিল্ড। পরশু ফার্গুসন যে দলটিকে মাঠে নামিয়েছেন, সেই দলের গড় বয়স মাত্র ২৩ বছর। দারুণ ফুটবল খেলে এঁরাই কুড়িতম লিগ শিরোপার স্বপ্ন দেখাচ্ছেন ফার্গুসনকে।ওয়েইন রুনি খেলেছেন, একটি গোলও করেছেন। তবে টটেনহামের বিপক্ষে পাদপ্রদীপের আলো কেড়ে নিয়েছেন ২০ বছর বয়সী ওয়েলবেক। দলের প্রথম গোলটি করেছেন এই ইংলিশ স্ট্রাইকার, অ্যান্ডারসনের করা দ্বিতীয় গোলে রেখেছেন অবদান। টটেনহাম অবশ্য ৬০ মিনিট পর্যন্ত ম্যানইউকে আটকে রেখেছিল।৬০ মিনিটে আরেক তরুণ ইংলিশ মিডফিল্ডার ক্লেভারলির ডিফেন্স চেরা পাস থেকে দলকে এগিয়ে দেন ওয়েলবেক। মিনিট ১৬ পর দ্বিতীয় গোলের উৎস হন ওয়েলবেক নিজেই। পাহারাহীন হয়ে পড়া অ্যান্ডারসনকে দারুণ এক ব্যাকভলিতে বল দেন তিনি। শেষ বাঁশি বাজার মিনিট তিনেক আগে তৃতীয় গোলটি করেন রুনি।ম্যাচ শেষে ম্যানইউ কোচ ফার্গুসন তাঁর তরুণ সেনাদের প্রশংসায় পঞ্চমুখ, ‘আমরা এখনো তরুণদের ওপর ভরসা করে আছি। আজ (পরশু) ওরা এই ভরসার প্রতিদান দিল।’ বিশেষ করে, দ্বিতীয়ার্ধে অসাধারণ ফুটবল খেলেছে ম্যানইউ। ফার্গুসনও বলেছেন সে কথাই, ‘দ্বিতীয়ার্ধের পারফরম্যান্স সত্যিই দারুণ ছিল।’ এএফপি, রয়টার্স।