ওয়েলিংটনে অশান্ত ইশান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনেক দিন পর খুনে মেজাজে দেখা গেল ইশান্তকে। ছবি: এএফপি
অনেক দিন পর খুনে মেজাজে দেখা গেল ইশান্তকে। ছবি: এএফপি

জিমি নিশাম আর টিম সাউদি। দুজনের কেউই পুরোদস্তুর ব্যাটসম্যান নন। নিশাম অবশ্য অলরাউন্ডার। ‘মিনি’ অলরাউন্ডার হিসেবে নিজেকে দাবি করতে পারেন টেস্টে দুটো ফিফটি হাঁকানো সাউদিও। এই দুই ‘ব্যাটসম্যানে’ই আজ বড় ধরনের লজ্জার হাত থেকে বেঁচে গেল নিউজিল্যান্ড।
ওয়েলিংটন টেস্টের প্রথম দিনের সকালে রীতিমতো ত্রাস ছড়ালেন ইশান্ত শর্মা ও মোহাম্মদ শামি। সেই ধাক্কায় নিউজিল্যান্ড ৮৬ রানেই হারিয়ে বসেছিল প্রথম ৬ উইকেট। কিউইরা তখন ১০০ রানের নিচে অলআউট হওয়ার শঙ্কায়। সেই লজ্জা থেকে আপাত মুক্তি দিলেন নিশাম ও সাউদি। আটে নামা নিশাম করেছেন ৩৩, সাউদি ৩২। এক শর শঙ্কা কাটিয়ে দুই শর কাছাকাছি গিয়ে নিউজিল্যান্ড থামল ১৯২ রানে।
ওয়ানডেতে ৪-০ ব্যবধানে হারার পর প্রথম টেস্টেও হেরে এই সফরে এখনো জয়ের মুখ না-দেখা ভারত প্রথম দিন শেষ করেছে ২ উইকেটে ১০০ রান নিয়ে। ৭১ রানে অপরাজিত আছেন শিখর ধাওয়ান। তবে ভারতের ঘুরে দাঁড়ানোর নায়ক অবশ্যই ইশান্ত। ক্যারিয়ারসেরা ৫১ রানে ৬ উইকেট নিয়েছেন এই পেসার। অকল্যান্ডেও ৬ উইকেট পেয়েছিলেন। নিউজিল্যান্ডে আসার আগের ১৩ ইনিংসে সাকল্যে ১২ উইকেট পেয়েছিলেন। নিউজিল্যান্ডে তিন ইনিংসেই পেলেন ১৫ উইকেট। হারানো ছন্দ ফিরে পেতে শুরু করেছেন ইশান্ত।
নিউজিল্যান্ডের বাকি চারটি উইকেট শামির। ইশান্ত-শামি মিলেই ভাগাভাগি করে নিয়েছেন সব। শুরুটা অবশ্য ইশান্তই করেছিলেন। নিউজিল্যান্ড প্রথম ৯ ওভারে বিনা উইকেটে ২৩ তুলে নিরাপদ শুরুই পেয়েছিল। এর পর নিজের টানা তিন ওভারে (ইনিংসের ১০, ১২ ও ১৪তম ওভারে) টানা তিন উইকেট তুলে নিয়ে ইশান্ত যে ধাক্কাটি দিলেন, সেটি আর সামলে উঠতে পারল না নিউজিল্যান্ড। লাঞ্চের আগেই নিউজিল্যান্ড ৫১/৪! লাঞ্চের এক ঘণ্টা পর প্রথম পানি বিরতিতে স্কোরটা আরও হতচ্ছাড়া দেখাচ্ছিল: ৯২/৬! এই ছয় উইকেটের পাঁচটিই ইশান্তের!
সপ্তম উইকেটে কেন উইলিয়ামসন আর নিশাম মিলে ৪৭ রানের জুটি গড়ে দলকে টেনে তোলার চেষ্টা করেন। অষ্টম উইকেটে নিশাম-সাউদি মিলে যোগ করেন ৩২। সপ্তম-অষ্টম-নবম—এই তিন উইকেট জুটিতে নিউজিল্যান্ড যোগ করেছে ৯৮ রান। না হলে কী যে বিপদ হতো! নিউজিল্যান্ড ইনিংসে নিশাম-সাউদির গুরুত্ব বোঝা যাবে এই তথ্যে: ইনিংসের দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ স্কোর এই দুটোই। সর্বোচ্চ ৪৭ রান এসেছে উইলিয়ামসনের ব্যাট থেকে।
২ রানেই মুরালি বিজয়কে হারিয়ে ভারতের শুরুটাও ভালো হয়নি। তবে দ্বিতীয় উইকেটে পূজারার সঙ্গে মিলে ৮৭ রানের জুটি গড়ে সেই ধাক্কা সামলে নেন ধাওয়ান। পূজারা ১৯ রান করে ফিরে গেলেও সপ্তম টেস্টে তৃতীয় সেঞ্চুরির জন্য কাল মাঠে নামবেন ধাওয়ান।