ওয়েলিংটনে ম্যাককালামের বীরত্বগাথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসিমুখেই ম্যাককালামকে অভিনন্দন জানাচ্ছেন ধোনি। কিন্তু প্রায় জিতে যাওয়া ম্যাচটা হাত ফসকে বেরিয়ে যাওয়ার বেদনাটা কী ভুলতে পারছেন ভারতীয় অধিনায়ক? ছবি: এএফপি
হাসিমুখেই ম্যাককালামকে অভিনন্দন জানাচ্ছেন ধোনি। কিন্তু প্রায় জিতে যাওয়া ম্যাচটা হাত ফসকে বেরিয়ে যাওয়ার বেদনাটা কী ভুলতে পারছেন ভারতীয় অধিনায়ক? ছবি: এএফপি

‘দেখা যাক কী করা যায়’—এমন একটা চিন্তা নিয়েই হয়তো ওয়েলিংটন টেস্টের তৃতীয় দিনে উইকেটে এসেছিলেন ব্রেন্ডন ম্যাককালাম। প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের পর দ্বিতীয় ইনিংসের তখনো ধুঁকছিল নিউজিল্যান্ড। ৯৪ রানেই হারিয়েছিল পাঁচ উইকেট। সেখান থেকে পার করলেন একটা সেশন, তারপর একটা পুরো দিন। কিউই অধিনায়কের ম্যারাথন ইনিংস থামেনি আজ চতুর্থ দিনেও। ক্যারিয়ারসেরা ২৮১ রানের ইনিংস খেলে দিন শেষেও অপরাজিতই আছেন এই ডানহাতি ব্যাটসম্যান। ম্যাককালামের এই দারুণ ইনিংসে ভর করে দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়িয়েছে ৬ উইকেটে ৫৭১ রান। লিড ৩২৫ রানের।
৯৪ রানে পাঁচ উইকেট হারানোর পর স্বাগতিকেরা ৪৭৭ রান জমা করেছে মাত্র একটি উইকেট হারিয়ে। তৃতীয় দিনের বেশির ভাগ সময় ও আজ চতুর্থ দিনের পুরোটা মিলিয়ে ভারতীয় বোলারদের সাফল্য শুধু বিজে ওয়াটলিংয়ের উইকেটটাই। ৩৬৭ বলে ১২৪ রানের ধৈর্যশীল ইনিংস খেলে সাজঘরে ফিরেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। তার আগে তাঁরা গড়েছিলেন ষষ্ঠ উইকেটে সর্বোচ্চ ৩৫২ রানের পার্টনারশিপের নতুন রেকর্ড। যেকোনো উইকেটে নিউজিল্যান্ডের পক্ষে এটা ছিল তৃতীয় সর্বোচ্চ রানের জুটি। এই একটি উইকেট পতন বাদ দিলে ওয়েলিংটন টেস্টে রচিত হয়েছে শুধুই ম্যাককালাম আর ওয়েলিংটনের গৌরবগাথা।
নিউজিল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে টানা দুই ম্যাচে ডাবল সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করেছেন ম্যাককালাম। গতকাল তৃতীয় দিনে পূর্ণ করেছিলেন টেস্ট ক্যারিয়ারে পাঁচ হাজার রানের মাইলফলক। এখন আর মাত্র ১৯ রান করলে প্রথম কিউই ব্যাটসম্যান হিসেবে পূর্ণ করবেন ট্রিপল সেঞ্চুরি। গড়বেন নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেলার নতুন রেকর্ড, যেটি এখনো আছে মার্টিন ক্রোর দখলে। ১৯৯০-৯১ মৌসুমে এই ওয়েলিংটনেই শ্রীলঙ্কার বিপক্ষে ২৯৯ রানের ইনিংসটি খেলেছিলেন ক্রো।

প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় টেস্টটা জিতে সমতা ফেরাতেই মরিয়া ছিল ভারত। তৃতীয় দিনের মধ্যাহ্নবিরতি পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল ধোনি বাহিনীর। কিন্তু এরপর সবকিছুই ওলটপালট করে দিলেন ম্যাককালাম আর ওয়াটলিং। ইনিংস হারের শঙ্কায় দুলতে থাকা নিউজিল্যান্ডই আজ চতুর্থ দিন শেষে বসেছে চালকের আসনে। উল্টো ভারতই এখন পড়ে গেছে চাপের মুখে। শেষ দিনে তিন শতাধিক রান তাড়া করে জয় পাওয়ার আশা ভারতীয় ব্যাটসম্যানরা করবেন কি না, সন্দেহ আছে। ১০ উইকেট টিকিয়ে রেখে ড্র করতেও পারবেন কি না, সেই আশঙ্কাই হয়তো ভর করতে পারে ভারতীয় শিবিরে।