ওয়েসেলস জুনিয়রের ইংল্যান্ড-স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে খুলনা রয়েল বেঙ্গলসের অনুশীলন। সেন্টার উইকেটে পাশাপাশি ব্যাটিং করছিলেন শাহরিয়ার নাফীস ও নাজিমউদ্দিন। খানিকটা পেছনে দাঁড়ানো দুজন। খুব মনোযোগ দিয়ে শাহরিয়ারদের ব্যাটিং দেখছিলেন, মাঝেমধ্যে মাথা নাড়ানো আর অদৃশ্য ব্যাট দিয়ে বাতাসে শট খেলা!দুই দর্শকের একজনকে খানিক পর পাওয়া গেল হাতের নাগালে। ‘দেখছিলাম স্লো, লো উইকেটে ওরা কীভাবে ব্যাটিং করে। ট্রাভিসের (বার্ট) সঙ্গে কথা বলছিলাম এ নিয়ে...এই ধরনের টুর্নামেন্ট থেকে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি তো এটাই। স্থানীয় ব্যাটসম্যানদের ব্যাটিং দেখে অস্ট্রেলিয়ার একজনের সঙ্গে কথা বলছি, আলোচনা করছি, শিখছি, এই অভিজ্ঞতা তো অমূল্য!’ এই ‘ক্রিকেট শিক্ষার্থীর’ নাম রিকি ওয়েসেলস।পুরো নাম ম্যাথু হেনড্রিক ওয়েসেলস। কিন্তু মা ডাকতেন রিকি বলে। মায়ের দেওয়া নামটিকেই আপন করে নিয়েছেন পরে। তবে নামের প্রথম অংশ নয়, তাঁকে নিয়ে আগ্রহের মূল কারণ পদবি। ‘ওয়েসেলস’ তো ক্রিকেট-বিশ্বে সুপরিচিত এক নাম। কেপলার ওয়েসেলসের ছেলেই রিকি।বর্ণবাদের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর দক্ষিণ আফ্রিকার প্রথম অধিনায়ক কেপলার ওয়েসেলস। দুটি ভিন্ন দেশের হয়ে ওয়ানডে খেলা প্রথম ক্রিকেটার, দুই দেশের হয়ে টেস্ট-ওয়ানডে দুই সংস্করণে খেলা একমাত্র ক্রিকেটারও। অনন্য হয়ে আছেন আরেকটি জায়গায়। দুই দেশের হয়ে টেস্ট সেঞ্চুরি করা একমাত্র ব্যাটসম্যানও কেপলার! রিকির স্বপ্ন যদি একদিন পূরণ হয়ে যায়, বাপ-বেটা মিলে গড়তে পারেন নতুন এক ইতিহাস। কেপলার খেলেছেন অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার হয়ে, রিকি খেলতে চান ইংলিশদের হয়ে। বাবা-ছেলে জুটি ক্রিকেট কম দেখেনি। কিন্তু বাবা দুই দেশের হয়ে খেলেছেন, ছেলে তৃতীয় আরেক দেশের হয়ে—এমন কিছু এখনো দেখেনি আন্তর্জাতিক ক্রিকেট!তবে দেখার সম্ভাবনা এখন যথেষ্টই। ২৭ বছর বয়সী রিকিকে যেমন প্রত্যয়ী লাগছে, তাতে সেই দিনটি খুব বেশি দূরে হওয়ার নয়, ‘আমার কাছে, আমাদের পরিবারের কাছে বাবার কীর্তি অনেক গর্বের। বাবা অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছেন। তবে নয় বছর হলো আমি ইংল্যান্ডে আছি, আমার স্ত্রীও ইংলিশ। এটাই এখন আমার ঘর, আমার দেশ। ইংল্যান্ডের হয়ে খেলার স্বপ্ন দেখি। কেভিন পিটারসেনদের অনুসরণ করতে পারাটা হবে দারুণ।’দক্ষিণ আফ্রিকা তো বটেই, রিকি চাইলে বাবার মতো অস্ট্রেলিয়াকেও বেছে নিতে পারতেন। জন্ম তাঁর অস্ট্রেলিয়াতেই। বেড়ে ওঠা দক্ষিণ আফ্রিকায়। বাবাকে দেখেই ক্রিকেটের শুরু, সেই হাঁটি হাঁটি পা পা করার দিন থেকে। তবে বাবার মতো শুধু ক্রিকেটে আটকে রাখেননি নিজেকে। রাগবি, সুইমিং হয়ে ক্রিকেটে থিতু হয়েছিলেন কেপলার, অবসরের পর আবার শুরু করেছিলেন আর্চারি। রিকি আবার ক্রিকেটের চেয়ে বেশি ভালো ছিলেন হকিতে। ছিলেন স্কুল ও বিশ্ববিদ্যালয় হকি দলের অধিনায়ক। বাবার অনুপ্রেরণায় শেষ পর্যন্ত বেছে নেন ক্রিকেটকেই। তবে ‘বাবার দেশের’ কাছ থেকে খুব একটা সুবিচার পাননি। বয়সভিত্তিক দলগুলোতে উপেক্ষিত থাকার অভিমানে ১৮ বছর বয়সে পাড়ি জমান ইংল্যান্ডে। বিদেশ বিভুঁইয়ে লড়াই করেছেন। বিভিন্ন কাউন্টিতে ট্রায়াল দিয়েছেন ক্লান্তিহীন। ঠাঁই মিলেছে নর্দাম্পটনশায়ারে। মাঝে কিছুদিন শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েতে খেলে এখন নটিংহামশায়ারে। পায়ের নিচে শক্ত জমি খুঁজে পেয়েছেন গত মৌসুমে। ১৩ ম্যাচে ৯০৫ রান তাঁকে এনেছে আলোয়।তবে এখনো তিনি ‘বাবার ছেলে’, ওয়েসেলস পদবিটাই বড় পরিচয়। নামটা যথেষ্ট বিপত্তিও বাধাচ্ছে, ওয়েসেলস বলতে ঝামেলা হয় বলে বন্ধুরা ডাকেন ‘ভেসেল’। ক্রিকেট সতীর্থদের কাছে আবার তাঁর নাম ‘ব্লাড’। কাউন্টিতে একবার বাউন্সারে মুখে রক্ত-টক্ত ঝরিয়ে একাকার হওয়ার পর থেকেই এই নাম। তবে এসব কিছুই নয়, রিকি পরিচিত হতে চান নিজের নামেই। এমন বহুজাতিক টি-টোয়েন্টি লিগে এই প্রথম খেলছেন। মাঠের ক্রিকেটে অনেক কিছু শেখার পাশাপাশি মাঠের বাইরে উপভোগ করছেন ‘শাহাদাতের পাগলামি আর শাহরিয়ার নাফীসের বন্ধুত্ব ও যত্ন নেওয়া’। আসতে চান পরের বিপিএলেও, আর কাউন্টিতে এই মৌসুমে ছাড়িয়ে যেতে চান আগের মৌসুমকে। ছোট ছোট এই লক্ষ্যগুলো ছুঁয়েই একদিন পেতে চান সবচেয়ে বড় স্বপ্নের দেখা—ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলা!