ওয়েস্ট ইন্ডিজ দলে গেইল
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড ও ক্রিস গেইলের মধ্যে চলা দ্বন্দ্বের অবসান ঘটেছে। প্রায় ১৫ মাস পর আজ মঙ্গলবার নির্বাচকেরা দলে ফিরিয়ে এনেছেন গেইলকে। ইংল্যান্ডের বিপক্ষে ১৬ জুন থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজেই ক্যারিবীয় দলের হয়ে দেখা যাবে বিধ্বংসী এই ব্যাটসম্যানকে। বোর্ডের সঙ্গে দ্বন্দ্ব নিরসনে এবার নিজ থেকে উদ্যোগটা নিয়েছিলেন গেইল। গত মাসের গোড়ার দিকে সমারসেটের সঙ্গে চুক্তি বাতিল করে গেইল জানিয়ে দেন, দেশের হয়ে খেলতে চান তিনি। তাঁর এ ঘোষণাকে স্বাগত জানিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ দলের কোচ ও অধিনায়ক। তবে তাঁকে দলে নেওয়ার ক্ষেত্রে আরও আলাপ-আলোচনার ওপর জোর দেয় বোর্ড। গেইল ইস্যু এতটাই ব্যাপকতা লাভ করেছিল যে সব কাজকর্ম ফেলে বোর্ডের সঙ্গে আলোচনায় বসেন অ্যান্টিগা ও বার্মুডার প্রধানমন্ত্রী ব্যাল্ডউইন স্পেনসার এবং সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনসের প্রধানমন্ত্রী র্যালফ গঞ্জালভেস।গত বিশ্বকাপে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলতে দেখা গিয়েছিল গেইলকে। বোর্ডের সঙ্গে দ্বন্দ্বের কারণ, গেইলের দেওয়া এক সাক্ষাত্কার। ওই সাক্ষাত্কারে গেইল বোর্ডের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছিলেন। তিনি দাবি করেন, আহত থাকা অবস্থায় তাঁর খোঁজ নেয়নি বোর্ডের কেউ। পাশাপাশি সেই সাক্ষাত্কারে দলের কোচ এবং অধিনায়কেরও কঠোর সমালোচনা করেন গেইল।গেইলের অভিযোগ ‘মিথ্যা’ দাবি করে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড ঘোষণা দেয়, আলোচনায় বসা ও ক্ষমা চাওয়ার আগ পর্যন্ত জাতীয় দল দূরে থাক, ঘরোয়া ক্রিকেটেও অংশ নিতে দেওয়া হবে না গেইলকে। তবে ক্ষমা চাওয়ার প্রশ্নই উঠে না বলে সাফ জানিয়ে দেন গেইল। আলোচনায় অবশ্য তিনি বসেছিলেন। কিন্তু দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগের পরিপ্রেক্ষিতে পরিস্থিতি আরও ঘোলাটে হয়।ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল: ক্রিস গেইল, জনসন চার্লস, লেন্ডি সিমন্স, ড্যারেন ব্রাভো, কাইরন পোলার্ড, মারলন স্যামুয়েলস, ডোয়াইন ব্রাভো, দিনেশ রামদিন, ড্যারেন স্যামি (অধিনায়ক), ডোয়াইন স্মিথ, আন্দ্রে রাসেল, টিনো বেস্ট, ফিদেল অ্যাডওয়ার্ডস, রবি রামপল ও সুনীল নারাইন। সূত্র: ওয়েবসাইট।