বাংলাদেশকে নিয়ে শোকে মাতম করার সময় আমরা ভুলে গিয়েছিলাম যে ওয়েস্ট ইন্ডিজ নামে কারা খেলতে এসেছিল। ৪ মার্চ প্রলয়ের দিন ইংরেজ ধারাভাষ্যকার বারবার বলছিলেন যে বাংলাদেশ অতি কম রানে আউট হয়েছে সেটা ব্যাপার নয়, ব্যাপার হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের খেলায় যে অন্য রকম শক্তি দেখা গেছে, সেটা। এ অন্য রকম শক্তিটা কী, এর ধারণা দিতে আমার বন্ধু লাল চানের কথা বলতে হয়। কানাডায় পড়ার সময় লাল চান ছিল আমার সহপাঠী। জ্যামাইকায় ছিল তার বাড়ি। ১৯৮১-৮৩ সালের কথা। কানাডার বিশ্ববিদ্যালয়গুলোতে ক্রিকেটের পদচারণ সবে শুরু হচ্ছে। লাল চানের কাজ ছিল প্রতি রোববার পাকিস্তানি, ভারতীয়, বাংলাদেশি ও ওয়েস্ট ইন্ডিজের ছাত্রদের নিয়ে দুটি দল তৈরি করে ক্রিকেট মাঠে নামানো। শ্বেতাঙ্গ কানাডিয়ান ছাত্ররা ক্বচিৎ খেলতে আসত। লাল চান লম্বা লিকলিকে ক্রিকেট ফিগারের অধিকারী ছিল। দেখতে অনেকটা ষাটের দশকের ফাস্ট বোলার ওয়েসলি হলের মতো। লাল চান আমাকে বলেছিল, ওয়েস্ট ইন্ডিজের দ্বীপগুলোতে নাকি ক্রিকেট বলকে খুব পবিত্র (স্যাকরেড) জিনিস মনে করা হয়। তারা ক্রিকেট বলকে কখনো পা দিয়ে লাথি মারে না। একদিন ক্যাফেটেরিয়ায় লাঞ্চ করার সময় হঠাৎ একটি কাচের গ্লাস টেবিল থেকে পড়ে যাচ্ছিল। লাল চান কথা বলতে বলতে হাতটা বাড়িয়ে দিল গ্লাসটার নিচে। কিন্তু গ্লাসটা হাত ফসকে মেঝেতে আঘাত করবে, এমন সময় লাল চান দ্বিতীয় দফায় গ্লাসটা মেঝের এক ইঞ্চি ওপর থেকে লুফে নিল, ঠিক যেভাবে মিরপুরে ড্যারেন স্যামির বলে রামনরেশ সারওয়ান মুশফিকের মাটিঘেঁষা ক্যাচটি তুলে নেন।লাল চানের মধ্যে যে ন্যাচারাল অ্যাবিলিটি এবং ন্যাচারাল অ্যাজিলিটি (সহজাত শারীরিক সক্ষমতা) দেখেছিলাম, তারই অফুরন্ত বুনিয়াদ ছিল পৃথিবী-প্রহারক (ওয়ার্ল্ড বিটারস) ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল, যারা ১৯৭৫ থেকে ১৯৯৫ পর্যন্ত ক্রিকেট-বিশ্বকে শাসন করেছিল। ক্লাইভ লয়েড ও ভিভিয়ান রিচার্ডসের যুগলবন্দীর কুশলতায় ওয়েস্ট ইন্ডিজের কাছে ইংল্যান্ডকে হোম এবং অ্যাওয়ে সিরিজে পর পর ৫-০ করে ১০টি টেস্টে হারতে হয়েছিল। আজকের যে মাইকেল হোল্ডিং ‘অ্যান্ড দ্যাটস আউট’ বলে ধারা বিবরণী দিয়ে সবার মন কাড়েন, তিনি ছিলেন লয়েডের অধীনে চার টর্পেডোর একজন। বাকি তিনজন ছিলেন ম্যালকম মার্শাল, জোয়েল গার্নার ও কলিন ক্রফট। অতি দ্রুতগতির চার বোলারের সমন্বিত আক্রমণধারার এ কৌশলের বিরুদ্ধে ইংরেজ প্রচারমাধ্যম শোরগোল তুলল এই বলে যে এমন নৃশংস, অমানবিক, যন্ত্রসুলভ খেলার রীতি ভদ্রলোকদের খেলা বলে পরিচিত ক্রিকেটকে নষ্ট করে দিচ্ছে।কিন্তু নষ্টটা হচ্ছিল অন্যদিক থেকে। ওয়েস্ট ইন্ডিজ যখন শুধু সহজাত প্রতিভাকে প্রাধান্য দিয়ে ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠা, বিজ্ঞানসম্মত প্রশিক্ষণ ইত্যাদি আধুনিক ব্যবস্থার কথা ভুলেই গিয়েছিল, তখন অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট-বিশ্বে কর্তৃত্বের জন্য ওই ব্যবস্থাগুলো নিল, যাতে দক্ষ তরুণ প্রতিভাবান ক্রিকেটাররা প্রজন্মের পর প্রজন্ম জন্ম নিতে পারে। তাই ক্যারিবিয়ান ক্রিকেটের স্বপ্নভঙ্গ হলো, যখন ১৯৯৫ সালে রিচি রিচার্ডসনের দল অস্ট্রেলিয়ার কাছে বাজেভাবে সিরিজ হারল। ওয়েস্ট ইন্ডিজ দলে তখন বুড়ো ক্রিকেটারে ভর্তি। প্রতিভাবান নতুন খেলোয়াড়ের আগমন নেই। ফলস্বরূপ ’৯৬-এর বিশ্বকাপে তারা মার খেল পুঁচকে কেনিয়ার কাছে। চোখ রগড়ে উঠে দাঁড়াল বিশ্ব ক্রিকেট। এ কী হচ্ছে? বোঝা গেল, শুধু সহজাত প্রতিভা যথেষ্ট নয়। (যেটা আমাদের আশরাফুলের ক্ষেত্রেও প্রযোজ্য।) এ পতন ঠেকাতে ব্রায়ান লারা পর্যন্ত পারলেন না। বরং যখন বর্ণবাদিতার দায় থেকে মুক্ত হয়ে দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে প্রবেশাধিকার পেল, তখন ওয়েস্ট ইন্ডিজ পূর্ণ এক সিরিজ খেলতে গেল দক্ষিণ আফ্রিকায়, ১৯৯৮ সালে। তাদের মনে একটি রাজনৈতিক চেতনা কাজ করছিল যে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট লালিত হয়েছে বর্ণবাদী শ্বেতাঙ্গ জনগোষ্ঠী দ্বারা। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছিল প্যান-আফ্রিকান বা কৃষ্ণাঙ্গ জনগণের মুক্তির ধারণার ভিত্তিতে। তাই সে সিরিজে দক্ষিণ আফ্রিকাকে হারানোর ব্যাপারটি ওয়েস্ট ইন্ডিজের কাছে ছিল একটি রাজনৈতিক মর্যাদার প্রশ্ন। কিন্তু হারল ওয়েস্ট ইন্ডিজই। আর দক্ষিণ আফ্রিকার কৃষ্ণবর্ণ-অধ্যুষিত শহরতলিগুলোতে, যেখানে কৃষ্ণাঙ্গ যুবকেরা তাদের প্রিয় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট তারকাদের পোস্টার ঝুলিয়েছিল, তাঁদেরই তারা দেখল শ্বেতাঙ্গ ক্রিকেটারদের দ্বারা কচুকাটা হতে। অর্থাৎ, রাজনীতিতে যেমন, ক্রিকেটেও শ্বেতাঙ্গ প্রভুদের কর্তৃত্ব বজায় রইল। ক্যারিবিয়ান সমাজবিদ ও পণ্ডিত অধ্যাপক হিলারি বেকলস, যাঁর প্রবন্ধ ‘দ্য স্ট্রাইফ অব ব্রায়ান’ (উইজডেন এশিয়া ক্রিকেট, জুন ২০০৪) থেকে এ লেখার তথ্যগুলো নেওয়া, বলেছেন ব্রায়ান লারার মতো রাজনৈতিকভাবে অসচেতন লোকের হাতে পড়ে ওয়েস্ট ইন্ডিজ দলের ওই দশা হয়েছিল। লারার দেশপ্রেমবিরহিত এবং শুধু টাকার জন্য খেলার পেশাদারির কঠিন সমালোচনা করে বেকলস বলেছেন, কয়েক বছর ধরে অবশ্য ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট-পরিবেশ আধুনিক প্রশিক্ষণভিত্তিক হয়েছে এবং তার শুভ ফল অচিরেই দেখা যাবে। ফলে ওয়েস্ট ইন্ডিয়ানরা ওয়ার্ল্ড বিটারস না হয়ে ওয়ার্ল্ড লিডারস বা বিশ্বনেতা নামে অভিহিত হবে।আমাদের জন্য দুঃখের বিষয় হলো, ওয়েস্ট ইন্ডিজের এ নবযাত্রা শুরু হলো বাংলাদেশকে গুঁড়িয়ে দিয়ে।