ওয়েস্ট ইন্ডিজই সেরা!
গত দেড় বছরে টেস্ট খেলুড়ে কোনো দেশকে ওয়ানডে ম্যাচে হারাতে পারেনি দলটি। সর্বশেষ শ্রীলঙ্কা সফরে গিয়ে ওয়ানডে সিরিজে হার। এ রকম বাজে অবস্থায় থাকা ওয়েস্ট ইন্ডিজকে কেউ সেরার স্থানে বসিয়ে দিলে একে ‘পাগলের প্রলাপ’ বলেও মন্তব্য করে ফেলতে পারেন অনেকে!বিশ্বকাপে এখন পর্যন্ত পরীক্ষার মুখোমুখি হতে হয়নি ক্যারিবীয়দের। প্রথম পরীক্ষা বৃহস্পতিবার। দক্ষিণ আফ্রিকার মতো দলের বিপক্ষে লড়াই বলেই কিনা নিজেদের তাতিয়ে রাখার চেষ্টা করছেন ডোয়াইন ব্রাভো, ‘পরিচিত কন্ডিশন আর বেশ কয়েক অলরাউন্ডার থাকায় ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে যেকোনো দলের চেয়ে সেরা।’উপমহাদেশের কন্ডিশনকে ‘পরিচিত’ হিসেবেই দেখছেন ব্রাভো। ক্রিকেটারদের অলরাউন্ড নৈপুণ্যে নিজেদের এবারের বিশ্বকাপ শিরোপার অন্যতম দাবিদার হিসেবে দেখছেন উইন্ডিজ সহ-অধিনায়ক, ‘আমি আছি। অধিনায়ক ড্যারেন সামি, কাইরন পোলার্ড, ক্রিস গেইল আছেন। সবাই শীর্ষ সারির অলরাউন্ডার। এই চারজনের মধ্যে দুজন জ্বলে উঠলেও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ জিতবে। অন্য দলগুলোর মতো আমাদের বিশ্বকাপ জয়ের ভালো সুযোগ রয়েছে।’ রয়টার্স