ওয়েস্ট ইন্ডিজকে ডুবিয়ে সেমি ফাইনালে পাকিস্তান
৪ মার্চ থেকে ২৩ মার্চ। ১৯ দিনের ব্যবধানে মুদ্রার উল্টো পিঠটাও দেখা হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজের। মিরপুরে বাংলাদেশকে ৫৮ রানের অলআউট হওয়ার গ্লানি উপহার দিয়ে যেন আকাশে উড়ছিল ক্যারিবীয়রা। সেই একই ভেন্যুতে আজ ওয়েস্ট ইন্ডিজ অলআউট ১১২ রানে। ক্যারিবীয়দের ১০ উইকেটে হারের গ্লানি উপহার দিয়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপের সেমি ফাইনালে উঠে গেল পাকিস্তান।গ্রুপ পর্বের ছয় ম্যাচে জয় কেবল তিনটিতে। সেটিও বাংলাদেশ, আয়ারল্যান্ড ও হল্যান্ডের বিপক্ষে। কোনো রকমে কোয়ার্টার ফাইনালে উঠে আসা ওয়েস্ট ইন্ডিজকে লজ্জায় ডুবিয়েই বিশ্বকাপ থেকে বিদায় করেছে ‘এ’ গ্রুপের শীর্ষে থেকে শেষ আটে আসা পাকিস্তান।বিশ্বকাপের আসল লড়াইটা শুরু হয়েছিল আজ। বাঁচা-মরার লড়াইয়ে ন্যূনতম লড়াইটাও করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। শহীদ আফ্রিদিদের কাছে অসহায় আত্মসমর্পণ করে ব্যাটসম্যানরা অলআউট হন মাত্র ১১২ রানে। এর পর মোহাম্মদ হাফিজ ও কামরান আকমলের অবিচ্ছিন্ন উদ্বোধনী জুটিতেই বিদায়ঘণ্টা বেজে যায় ক্যারিবীয়দের।ওয়েস্ট ইন্ডিজের অসহায়ত্বের সূচনা হয় তৃতীয় ওভারেই। ৮ রানে থাকা ক্রিস গেইলকে শিকারে পরিণত করেন উমর গুল। দলীয় সংগ্রহ তখন ১৪ রান। দুই রানের ব্যবধানে নেই আরও দুটি উইকেট! ষষ্ঠ ওভারে দুটি উইকেট নেন মোহাম্মদ হাফিজ। তাঁর সঙ্গে পাল্লা দিয়েই যেন ২৭তম ওভারে অধিনায়ক শহীদ আফ্রিদিও তুলে নিলেন দুটি উইকেট।৫৮ রানে চতুর্থ উইকেটের পতন, আর ৭১ রানের মধ্যে নেই ওয়েস্ট ইন্ডিজের অষ্টম উইকেট! একপর্যায়ে ইনিংস শেষ ৪৩.৩ ওভারে, মাত্র ১১২ রানে। ঠেলা-ধাক্কা দিয়ে নক আউট পর্বে আসা ক্যারিবীয়দের আনন্দ ব্যাটসম্যানদের ব্যর্থতায় বিষাদে ভরে গেছে সন্দেহ নেই। তবে এই হতাশার মধ্যেও ধন্যবাদ পাওয়ার দাবি রাখেন শিবনারায়ণ চন্দরপল। অন্য প্রান্তে সতীর্থদের আসা-যাওয়া দেখেছেন, কিন্তু এক প্রান্ত আগলে রেখে এই ব্যাটসম্যান অপরাজিত থাকেন ৪৪ রানে।ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানদের সবচেয়ে বেশি হতাশায় ডুবিয়েছেন শহীদ আফ্রিদি। ৯.৩ ওভারে ৩০ রান খরচায় তিনি শিকার করেন চারটি উইকেট। দুটি করে উইকেট নেন মোহাম্মদ হাফিজ ও সাঈদ আজমল।সংক্ষিপ্ত স্কোরওয়েস্ট ইন্ডিজ ১১২/১০ (৪৩.৩ ওভার)চন্দরপল ৪৪*, সারওয়ান ২৪আফ্রিদি ৩০/৪পাকিস্তান ১১৩/০ (২০.৫ ওভার)হাফিজ ৬১*, কামরান ৪৭*ফল: পাকিস্তান ১০ উইকেটে জয়ী