ওয়েস্ট ইন্ডিজকে প্রাপ্যটা বুঝিয়ে দিল পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১২-কেলেঙ্কারি হয়তো ভাবেননি, তবে ওয়েস্ট ইন্ডিজ যে ঢাকা থেকেই দেশে ফিরছে, এটা আগেই জানতেন টনি কোজিয়ার!কমেন্ট্রি বক্সে প্রতিপক্ষ দুই দেশের ধারাভাষ্যকারদের মধ্যে নির্দোষ খোঁচাখুঁচি হয়েই থাকে। অথচ ইএসপিএন-স্টার স্পোর্টসের কমেন্ট্রি বক্সে রমিজ রাজা ও ওয়াসিম আকরামের বিস্মিত দৃষ্টির সামনে কোয়ার্টার ফাইনাল শুরুর এক ঘণ্টা আগেই ‘ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের কণ্ঠস্বর’ দুহাত তুলে আত্মসমর্পণ করে ফেললেন। পরিচিত বাংলাদেশের সাংবাদিককে টনি কোজিয়ার বলছিলেন, এই বিশ্বকাপে টিভি কমেন্ট্রি এখানেই শেষ। মোহালিতে যাবেন, তবে রেডিওতে কমেন্ট্রি করতে।ওয়েস্ট ইন্ডিজ যদি সেমিফাইনালে ওঠে, তবে? বর্ষীয়ান ওয়েস্ট ইন্ডিয়ান ধারাভাষ্যকার এমনভাবে তাকালেন যেন এমন বিস্ময়কর কথা জীবনে শোনেননি। ‘রসিকতা করছেন, এই ক্যাপ্টেন নিয়ে ওয়েস্ট ইন্ডিজ জিতবে! আরে, ওর জন্য তো টিমটাও ঠিকঠাক করা যাচ্ছে না। এই ম্যাচে তো আন্দ্রে রাসেলের খেলা উচিত ছিল। ছেলেটা ভালো খেলেও ওর জন্য বাইরে বসে থাকছে।’কিছু ভবিষ্যদ্বাণী আছে, যা ঠিক হলে মন খারাপ হয়ে যায়। ম্যাচ শেষে টনি কোজিয়ারকে দেখে একদমই তা মনে হলো না। এমন ‘কী বলেছিলাম না’ ভঙ্গিতে তাকালেন যে, বোঝা গেল ওয়েস্ট ইন্ডিজের দুর্গতি তাঁর সয়ে গেছে!তা না হয় গেল। কিন্তু এই ‘অপদার্থ’ ওয়েস্ট ইন্ডিজ দলের কারণে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের মতো হাই প্রোফাইল একটা ম্যাচের যে বারোটা বেজে গেল! এই বিশ্বকাপে এর আগে এত সব অসম লড়াইয়েও যেখানে মাত্র একটি ম্যাচ ১০ উইকেটে নিষ্পত্তি হয়েছে, সেখানে কোয়ার্টার ফাইনালে কিনা ১০ উইকেটে জিতে হাসতে হাসতে সেমিফাইনালে উঠে গেল পাকিস্তান!আজ থেকে অনেক দিন পর এই বিশ্বকাপের দিকে ফিরে তাকালে নির্ঘাত ধারণা হবে, মিরপুরের উইকেট না জানি কী ভয়ংকর ছিল! এই মাঠে পাঁচ ম্যাচের তিনটিতে স্কোর ৫৮, ৭৮ ও ১১২। উইকেটের দোষ না হলে বোলিং নিশ্চয়ই ‘বাবা গো মা গো’ বলে চিৎকার করার মতো ছিল। আসলে কোনোটাই নয়। ভারত-বাংলাদেশ ৬৫৩ রানের ম্যাচটি যে উইকেটে খেলা হয়েছিল, কাল আবার সেই উইকেট। বোলিং ভালো হয়েছে কিন্তু এমন হুড়মুড় করে ভেঙে পড়ার মতো অবশ্যই নয়।বাংলাদেশের ৫৮ ও ৭৮ যেমন অবিশ্বাস্য ব্যাটিং-ব্যর্থতার প্রদর্শনী হয়ে ছিল, কাল ওয়েস্ট ইন্ডিজের ১১২-ও তা-ই। পার্থক্য বলতে, সেই দুদিন গ্যালারি ছিল শোকে স্তব্ধ। কাল উল্লাসে মাতোয়ারা। এই বিশ্বকাপে ‘বাংলাদেশের দুঃখ’ ওয়েস্ট ইন্ডিজের দুর্দশায় দর্শকদের আনন্দের প্রকাশ এমনই বাড়াবাড়ি রূপ নিল যে, পাকিস্তান দলের মনে হতেই পারত ম্যাচটি বোধ হয় করাচি বা লাহোরে হচ্ছে!কোয়ার্টার ফাইনালের আট দলের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের শেষ আটে ওঠাটা সবচেয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে। সবচেয়ে দাপটে ওঠা পাকিস্তানের বিপক্ষে কোনো অঘটন ঘটিয়ে ফেলার তুরুপের তাস ছিল একটিই। ক্রিস গেইল। সেই গেইল দুই চার মেরেই দায়িত্ব শেষ বলে মনে করলেন। তৃতীয় ওভারে গুলকে চালিয়ে মিড অফে দেওয়া গেইলের ক্যাচেই আসলে ম্যাচ শেষ। তা না হয় হলো, তাই বলে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস এমন অত্যাচার হয়ে যাবে! আড়াই ওভারের মধ্যে ৩টি চার। বাকি ৪১ ওভারে চার ৪টি! ‘টেস্ট ব্যাটিং’য়ের মধ্যে অনাসৃষ্টি হয়ে রইল চন্দরপলের একটি ছয়।১৬ রানে পরপর দুই উইকেট পড়ে ওয়েস্ট ইন্ডিজ ১৬/৩ হয়ে যাওয়ার পর ৫৮-এর আশায় দর্শকদের চিৎকার গগনবিদারী রূপ নিল। সেটি যে হয়নি, তা দলে ফেরা চন্দরপলেরই অবদান। ১৫৬ মিনিট উইকেটে থেকে ১০৬ বলে গায়ানিজ বাঁহাতির অপরাজিত ৪৪। সারওয়ানের সঙ্গে চতুর্থ উইকেটে ৪২ আর রোচের সঙ্গে নবম উইকেটে ৪০—১১২ রানের মতো ‘অসম্ভব’ সম্ভব হলো এতেই। এর মধ্যেই ক্যাচ পড়ার দাক্ষিণ্য আছে। আছে চরিত্রবিরোধী ভালো কিপিং করা আকমলের স্টাম্পিং মিস।স্পিন ব্যাপারটা ওয়েস্ট ইন্ডিজের এই দলের কাছে এমন আতঙ্কের নাম যে, বল টার্ন করার দরকার নেই, জায়গামতো ফেললেই হলো। শহীদ আফ্রিদি তা ফেলেই এই বিশ্বকাপে চতুর্থবারের মতো ৪ উইকেট নিয়ে ফেললেন। দুই অফ স্পিনার মোহাম্মদ হাফিজ ও সাঈদ আজমলকেও ‘ওরে বাবা রে, এই জিনিস খেলা যায় নাকি’ ভঙ্গিতে খেলে দুটি করে উইকেট উপহার দিলেন ক্যারিবীয় বীরেরা।ওয়ানডে ম্যাচের জন্য সবচেয়ে দুঃস্বপ্ন হলো, এক ইনিংস শেষে একমাত্র প্রশ্নটা যখন ‘জয়টা কয় উইকেটে’ হয়ে যায়। পাকিস্তান উত্তরটাকে ১০ উইকেট বানিয়ে একটা প্রতিশোধও নিল। ১৯৯২ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১০ উইকেটে পরাজয়ের প্রতিশোধ।গত দুটি বিশ্বকাপ খুব খারাপ গেছে। নইলে বিশ্বকাপে সেমিফাইনালের একটা জায়গা পাকিস্তানের জন্যই বরাদ্দ থাকে। এই নিয়ে ষষ্ঠবারের মতো সেমিফাইনাল। বিশ্বকাপের আগে যে লক্ষ্যের কথা শহীদ আফ্রিদি বলেছিলেন, কিন্তু খুব বেশি লোক বিশ্বাস করেনি।কীভাবে এমন বদলে গেল পাকিস্তান? ১৯৯২ বিশ্বকাপের ওই ম্যাচে যার সেঞ্চুরি ছিল, উত্তরটা দিলেন সেই রমিজ রাজা। দুই ইনিংসের মাঝখানে কমেন্ট্রি বক্সের বাইরে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। পরদিনের ভারত-অস্ট্রেলিয়া, মোহালিতে সম্ভাব্য ভারত-পাকিস্তান, শোয়েব আখতারের কাণ্ডকীর্তি...নানা বিষয়। এর মধ্যেই এই বিশ্বকাপে পাকিস্তানের স্বপ্নযাত্রার ব্যাখ্যা দিলেন।রমিজ রাজার চোখে কারণ তিনটি—১. শৃঙ্খলাঐতিহ্যগতভাবে পাকিস্তান হলো যার যা ইচ্ছা করার দল। এবার ব্যতিক্রম। শৃঙ্খলার ব্যাপারে কোনো আপস নেই। কামরান আকমল একটু বেগড়বাই করেছিলেন। পরের ম্যাচে বসিয়ে দেওয়া হয়েছে। আগে নানা রকম বাইরের চাপে এমন সিদ্ধান্ত নেওয়া কঠিন হতো। শোয়েব আখতারকে এই বিশ্বকাপেই চারবারে মোট দুই হাজার ডলার জরিমানা করা হয়েছে।২. ভালো বদলি খেলোয়াড়শোয়েব আখতারকে কেউ মিসই করছে না। তাঁর জায়গায় এসেই পারফর্ম করেছেন ওয়াহাব রিয়াজ। আজমল শেহজাদের বদলে সুযোগ পেয়েই উজ্জ্বল আসাদ শফিক। এ দিনই যেমন আবদুর রেহমানের বদলে সাঈদ আজমল নেমেও ঠিকই ভালো করলেন।৩. বিতর্কই প্রেরণাবিতর্কে জেরবার পাকিস্তানের এই দল মাঠের পারফরম্যান্স দিয়ে সব মুছে দেওয়ার প্রতিজ্ঞায় এককাট্টা। যেমন দিয়েছিল তারা ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে।ব্যাখ্যাটা উড়িয়ে দেওয়ার নয়। ১৯৯২ বিশ্বকাপজয়ী পাকিস্তান দলের কোচ ইন্তিখাব আলম এই বিশ্বকাপে ম্যানেজার। দুটিকে মিলিয়ে যারা মুম্বাইয়ে শহীদ আফ্রিদির হাতে বিশ্বকাপ দেখতে পাচ্ছেন, তাদের কথাও এখন আর হেসে উড়িয়ে দেওয়ার নয়।