শচীন টেন্ডুলকারের শততম আন্তর্জাতিক সেঞ্চুরিটা হয়নি। কিন্তু ভারত ঠিকই শক্তিমত্তার স্বাক্ষর রাখল দিল্লি টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে। জয়ের জন্য ২৭৬ রানের লক্ষ্যমাত্রা নিয়ে কাল ব্যাট করতে নেমেছিল ভারত। টেন্ডুলকারের ৭৬, ভিভিএস লক্ষ্মণের অপরাজিত ৫৮ ও বীরেন্দর শেবাগের ৫৫ রানে সুবাদে মোটামুটি সহজেই লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় ভারত। এডওয়ার্ডস, স্যামুয়েলস ও বিশু একবার করে আর ক্যারিবীয় অধিনায়ক ড্যারেন স্যামি দুবার ভারতীয় ব্যাটিং লাইনে কাঁপন ধরিয়েছিলেন বটে কিন্তু সেই কাঁপন বেশিক্ষণ স্থায়ী হয়নি—বিশ্বের অন্যতম সেরা ব্যাটিং লাইনআপের শক্তিমত্তা ও অভিজ্ঞতার কাছে।দিল্লি টেস্টে ওয়েস্ট ইন্ডিজ শুরুটা ভালোই করেছিল। ব্রেথওয়েটের ৬৩ ও অভিজ্ঞ চন্দরপলের সেঞ্চুরির (১১৮) ওপর ভর করে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ৩০৪ রান সংগ্রহ করে। জবাবে ভারত ব্যাট করতে নেমে ২০৯ রানেই গুটিয়ে যায়। তবে, শেবাগ ৫৫, দ্রাবিড় ৫৪ ও গম্ভীর ৪১ রান করে ভারতের মানরক্ষা করেছিলেন।ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস ছিল বিপর্যয়কর। ভারতীয় ব্যাটিং লাইনআপকে চ্যালেঞ্জ জানানোর অভিপ্রায় নিয়ে ব্যাট করতে নেমেও রবিচন্দন অশ্বিনের হাতে ধরাশায়ী হয় ক্যারিবীয় ব্যাটসম্যানরা। অশ্বিন মাত্র ৪৭ রানে ৬ উইকেট নেন। ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয় ১৮০ রানে।দ্বিতীয় ইনিংসের বিপর্যয়ের কারণে ভারতের সামনে জয়ের জন্য লক্ষ্যমাত্রা দাঁড়ায় মাত্র ২৭৬ রানের। মাত্র ৫ উইকেট হারিয়েই এই লক্ষ্যে পৌঁছে যায় ভারত।ভারত জিতলেও টেন্ডুলকারের শততম আন্তর্জাতিক সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ পুড়িয়েছে সবাইকে। চমত্কারভাবে নিজের শততম আন্তর্জাতিক সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন এই ব্যাটিং জিনিয়াস। কিন্তু ৭৬ রানে এলবির ফাঁদে ফেলে সেই প্রত্যাশায় গুঁড়ে বালি ঢেলে দেন লেগ স্পিনার দেবেন্দ্র বিশু।টেন্ডুলকার আউট হওয়ার পর যুবরাজ সিংকে সঙ্গী করে ভারতকে জয়ের বন্দরে পৌঁছে দেন ভিভিএস লক্ষণ। যুবরাজ আউট হন ১৮ রানে।দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটসহ দিল্লি টেস্টে মোট ৯ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচের মুকুট পরেছেন সেই রবিচন্দন অশ্বিনই।