ওয়েস্ট ইন্ডিজেই থাকছে ত্রিনিদাদ
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট থেকে আলাদা হয়ে যাওয়ার গুঞ্জন উড়িয়ে দিল ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো ক্রিকেট বোর্ড (টিটিসিবি)। এর আগে ত্রিনিদাদের অধিনায়ক ড্যারেন গঙ্গা বলেছিলেন, ভবিষ্যতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট থেকে সরে গিয়ে আলাদা দল হিসেবে দেশটির আন্তর্জাতিক ক্রিকেট খেলার সম্ভাবনার কথা। আর এ জন্য নাকি ত্রিনিদাদে জনমতও গড়ে উঠেছে।টিটিসিবির সভাপতি আজিম বাসারাথ পরশু ত্রিনিদাদ ও টোবাগোস নিউজডে পত্রিকাকে বলেছেন, ‘বিশ্ব ক্রিকেটে একটি স্বাধীন দেশ হিসেবে খেলার ব্যাপারে সাধারণ জনগণের সমর্থন আছে, মিস্টার গঙ্গার এই ধারণার সঙ্গে আমরা ভিন্নমত পোষণ করি।’আলাদা হয়ে যাওয়ার গুঞ্জনকে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের ওপর আঘাত হিসেবেই দেখছেন টিটিসিবি প্রধান, ‘আমরা মনে করি, এটা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের সমৃদ্ধ ঐতিহ্যের চেতনাবিরোধী।’টিঅ্যান্ডটিকে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বর্ণনা করে বাসারাথ বলেছেন, ‘জাতীয় দল হিসেবে যে টিঅ্যান্ডটি সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটে খেলছে, সেজন্য আমরা গর্বিত। তবে আমাদের বিশ্বাস, দলটি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবেই থাকবে। একটি সত্যিকারের আঞ্চলিক প্রতিনিধি হিসেবে ওয়েস্ট ইন্ডিজের জন্য আমরা দায়বদ্ধ থাকব এবং আগের মতোই সবার সঙ্গে একত্রে কাজ করে যাব।।’চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি খেলতে এখন ভারতে ত্রিনিদাদ দল। হায়দরাবাদে ক্রিকইনফোকে ড্যারেন গঙ্গা বলেছিলেন, ‘আমরা যদি চ্যাম্পিয়নস লিগের মতো বৈশ্বিক প্রতিযোগিতাগুলোয় ভালো করতে থাকি, তবে জনগণের দিক থেকে চাপ আসবেই। তারা ভাববে টিঅ্যান্ডটি এখন স্বয়ংসম্পূর্ণ এবং তাদের আলাদা দল হিসেবে ৫০ ওভার বা ২০ ওভারের বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে।’ব্রায়ান লারার দেশে এমন জনমত গড়ে উঠতেই পারে। টিঅ্যান্ডটির বর্তমানে দলে ওয়েস্ট ইন্ডিজের জাতীয় দলে খেলা খেলোয়াড় ১০ জন। আছেন ড্যারেন ও ডোয়াইন ব্রাভো, রামপল, রামদিন, পোলার্ড ও সিমন্সের মতো খেলোয়াড়েরা। সেই তুলনায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের অন্তর্ভুক্ত বাকি ১৪টি দেশের ক্রিকেটারের সংখ্যা এখন স্বভাবতই কম। ওয়েবসাইট।