ওয়েস্ট ইন্ডিজের একটু প্রতিরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় ইনিংসে এখনো ব্যাটিংয়েই নামেননি তিনি। তবু তাঁর ওপরই অনেকটা নির্ভর করছে ম্যাচের ভাগ্য!
দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান তিনি। শচীন টেন্ডুলকার অবসর নেওয়ার পর বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বয়সী ক্রিকেটারও। এই ভঙ্গুর ব্যাটিং লাইনআপের সবচেয়ে বড় ভরসা। ইতিহাসের সপ্তম ব্যাটসম্যান হিসেবে কাল ছুঁয়েছেন ১১ হাজার রানের মাইলফলক। বিরুদ্ধ স্রোতে লড়েছেন অসংখ্যবার, লড়লেন কালও। ডানেডিনে অভাবনীয় কিছু করতে ওয়েস্ট ইন্ডিজের ভরসা সেই শিবনারায়ণ চন্দরপলই।
প্রথম ইনিংসে তাঁর লড়াই ছিল নিঃসঙ্গ। তবে দ্বিতীয় ইনিংসে লড়াইয়ে শামিল সতীর্থরাও। প্রথম ইনিংসে মাঠে নেমেছিলেন দল ৭০ রানে ৩ উইকেট হারানোর পর। দ্বিতীয় ইনিংসে দলের রান ২ উইকেটে ১৬৮, এখনো নামতে হয়নি চন্দরপলকে। ইনিংস পরাজয় এড়াতেই এখনো প্রয়োজন ২২৮ রান, পুরো দুই দিন বাকি। নিউজিল্যান্ডের জয়ই এখনো সবচেয়ে সম্ভাব্য ফল। সাম্প্রতিক অতীতের অভিজ্ঞতা বলে, আজ হুড়মুড় করে ভেঙে পড়তেও পারে ওয়েস্ট ইন্ডিজ। তার পরও ম্যাচ বাঁচানোর প্রায় অসম্ভব স্বপ্নটা ওয়েস্ট ইন্ডিজ দেখতে পারছে ওই চন্দরপল এখনো উইকেটে আসেননি বলেই।
প্রথম ইনিংসে ৩৯৬ রানে পিছিয়ে থেকে ফলোঅনে ব্যাটিং করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। শুরুতেই কাইরান পাওয়েল ফিরে যাওয়ায় মনে হচ্ছিল ম্যাচের যবনিকা হতে পারে কালই। কিন্তু দ্বিতীয় উইকেটে প্রতিরোধ গড়েন কার্ক এডওয়ার্ডস ও ড্যারেন ব্রাভো। ফেরার ম্যাচে ৫৯ করা এডওয়ার্ডসকে দারুণ এক গুগলিতে ধোঁকা দিয়ে ১১৮ রানের জুটি ভেঙেছেন ইশ সোধি। স্যামুয়েলসকে নিয়ে বাকি সময়টায় আর কোনো উইকেট পড়তে দেননি ব্রাভো।
দ্বিতীয় ইনিংসে ক্যারিবিয়ানদের লড়াইয়ের অনুপ্রেরণা বলা যায় প্রথম ইনিংসে চন্দরপলের ব্যাটিং। শুধু উইকেট আঁকড়ে থাকাই নয়, দারুণ সব শটে বলের সঙ্গে পাল্লা দিয়ে রান করেছেন ৩৯ বছর বয়সী বাঁহাতি। ৩৭ রানের মাথায় দ্বিতীয় ক্যারিবিয়ান (প্রথম ব্রায়ান লারা) হিসেবে ছুঁয়েছেন ১১ হাজার টেস্ট রান। সোধির এক ওভারে তিন বাউন্ডারিতে ৬৩তম টেস্ট ফিফটি ছুঁয়েছেন ৬৩ বলে। ট্রেন্ট বোল্টের ভেতরে ঢোকা বলে চন্দরপল এলবিডব্লু হওয়ার পর দলকে দুই শ পার করান ড্যারেন স্যামি।
উইকেটের সবুজের ছোঁয়া মিলিয়ে গেছে প্রথম দুই দিনেই। সঙ্গে ঝকঝকে রোদ মিলে কালকের ইউনিভার্সিটি ওভাল ছিল ব্যাটিংয়ের জন্য আদর্শ। কিন্তু এখানেও দারুণ বোলিং করেছেন টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট। আর ক্যারিবীয়রা মেতেছিলেন বাজে শট খেলার মহড়ায়। দ্বিতীয় ইনিংসে আত্মহত্যার প্রবণতা অন্তত দেখা যায়নি। আজ দেখা মিলবে কোন ওয়েস্ট ইন্ডিজের? ওয়েবসাইট।