ওয়েস্ট ইন্ডিজের টানা ছয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কীর্তিটা গড়েই ফেলল ওয়েস্ট ইন্ডিজ। বছর তিনেক আগেও একটি টেস্ট জয় যাদের কাছে ছিল সোনার হরিণ, সেই ওয়েস্ট ইন্ডিজ জিতল টানা ছয় টেস্ট!হতে পারে ছয়টি জয়ই টেস্ট আঙিনার বর্তমানের সবচেয়ে দুর্বল তিন দল—নিউজিল্যান্ড, বাংলাদেশ এবং জিম্বাবুয়ের বিপক্ষে। তবে ওয়েস্ট ইন্ডিজ টানা ছয় টেস্টে জিতল ১৪ বছরেরও বেশি সময় পর। এর আগে তারা টানা সাত টেস্টে জিতেছিল ১৯৮৮ সালে, ভিভ রিচাডর্সের নেতৃত্বে।স্যামির দল ‘সাফল্যের’ যাত্রা শুরু করেছিল গত বছরের জুলাই-আগস্টে নিজেদের মাটির দুই টেস্ট সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করে। পরে বাংলাদেশের পর জিম্বাবুয়েকেও ধবলধোলাই করে ছাড়ল ওয়েস্ট ইন্ডিজ। আবারও সেই স্পিনেই সর্বনাশ সফরকারী জিম্বাবুয়ের। আরও একটু স্পষ্ট করে বললে জিম্বাবুয়ের সর্বনাশটা করেছেন শেন শিলিংফোর্ড ও মারলন স্যামুয়েলস। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও এই জুটি তুলে নিয়েছে ৮ উইকেট। ফল, মাত্র ১৪১ রানেই গুটিয়ে গেছে জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংস। তৃতীয় দিনের চা-বিরতির আগেই ইনিংস ও ৬৫ রানে জিতে ম্যাচ এবং সিরিজ জয়ের উৎসব সেরেছে ওয়েস্ট ইন্ডিজ।শিলিংফোর্ড প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও তুলে নেন ৫ উইকেট। এবার রান দিয়েছেন আরও কম, মাত্র ৩৪। ম্যাচে ৯৩ রানে ১০ উইকেট তাঁর। এটি তাঁর ক্যারিয়ার-সেরা তো বটেই, জিম্বাবুয়ের বিপক্ষে কোনো ক্যারিবীয় বোলারেরও সেরা বোলিং। প্রথম টেস্টে ৯ উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচসেরা। ডমিনিকার সাফল্য ম্যাচসেরার পাশাপাশি শিলিংফোর্ডকে এনে দিয়েছে সিরিজ-সেরারও পুরস্কার। ৩০ বছর বয়সী অফ স্পিনারের প্রাপ্তি আছে আরও অনেক। দুই টেস্টে নিয়েছেন ১৯ উইকেট, দুই ম্যাচ সিরিজে যা কোনো ক্যারিবীয় বোলারের সর্বোচ্চ উইকেট। দুই ম্যাচ সিরিজে এর আগে সর্বোচ্চ ১৬ উইকেট ছিল কোর্টনি ওয়ালশের, ১৯৯৫ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে।