ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ২৭ রান
মিরপুর টেস্টে ৭৭ রানের জয়। খুলনায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আজ রোববার বাংলাদেশকে হারাতে দ্বিতীয় ইনিংসে ২৭ রান প্রয়োজন ওয়েস্ট ইন্ডিজের।এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৯ রান। ক্রিস গেইল ৮ ও কাইরন পাওয়েল ০ রানে অপরাজিত আছেন। এর আগে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় ২৮৭ রানে।গতকাল টেস্টের চতুর্থ দিনের খেলার পরই স্পষ্ট হয়, খুলনায় হারতে চলেছে বাংলাদেশ। প্রশ্ন ছিল, বাংলাদেশ ইনিংস হার এড়াতে পারে কি না। সেই চ্যালেঞ্জে উতরে যায় মুশফিকুর রহিমের দল। ইনিংস হার এড়াতে আজ টেস্টের পঞ্চম ও শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৩৫ রান। নাসির হোসেনের ব্যাটিং নৈপুণ্যে বেশ সহজেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।গতকাল সাকিব আল হাসান যে আক্ষেপে পুড়েছিলেন, আজ সেই একই আক্ষেপে পুড়লেন নাসির হোসেন। সাকিব মাত্র তিন রানের জন্য সেঞ্চুরি পাননি, নাসির পেলেন না ছয় রানের জন্য। বাংলাদেশের ইনিংস হার এড়ানো নিশ্চিত করে ব্যক্তিগত ৯৪ রানে টিনো বেস্টের বলে বোল্ড হন নাসির।৬ উইকেটে ২২৬ রান নিয়ে আজ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। দিনের প্রথম ওভারেই মাহমুদউল্লাহর উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। শিকারি ভিরাসামি পেরমল। বাংলাদেশের বাকি তিনটি উইকেট শিকার করেন টিনো বেস্ট।প্রথম ইনিংসে বাংলাদেশের গড়া ৩৮৭ রানের জবাবে ৯ উইকেটে ৬৪৮ রানে নিজেদের ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসের হিসাবে ক্যারিবীয়রা এগিয়ে থাকে ২৬১ রানে।দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে গতকাল প্রথম ওভারের তৃতীয় বলেই নাজিমউদ্দিনের (০) উইকেট হারায় বাংলাদেশ। একপর্যায়ে ৮২ রানে পাঁচটি উইকেটের পতন ঘটে। খেলা পঞ্চম দিনে গড়াবে কি না, এ নিয়ে সংশয় জেগেছিল। তবে সেই সংশয় কাটে সাকিব আল হাসান ও নাসির হোসেনের ১৪৪ রানের জুটিতে। সেঞ্চুরি থেকে মাত্র তিন রান দূরে থাকতে আউট হন সাকিব। গতকালের খেলা শেষে নাসির ব্যক্তিগত ৬৪ রানে অপরাজিত ছিলেন।