ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিলেন কুইন্টন ডি কক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে খেলছেন না কুইন্টন ডি ককছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন দক্ষিণ আফ্রিকা উইকেটকিপার-ব্যাটসম্যান কুইন্টন ডি কক। দক্ষিণ আফ্রিকা ক্রিকেটারদের সবাইকে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশের জন্য বোর্ডের পক্ষ থেকে বাধ্যতামূলক নির্দেশনা আসার দিনে এমন সিদ্ধান্ত নিলেন ডি কক।

তবে ঠিক কী কারণে নিজেকে সরিয়ে নিয়েছেন, সেটি নিশ্চিত নয়। টসের সময় অধিনায়ক টেম্বা বাভুমা জানিয়েছেন, ‘ব্যক্তিগত কারণে’ এ ম্যাচে খেলছেন না ডি কক। তাঁর বদলে এ ম্যাচে দলে নেওয়া হয়েছে রিজা হেন্ডরিকসকে। তাঁর বদলে উইকেটকিপিং করবেন হাইনরিখ ক্লাসেন। টসে জিতে এ ম্যাচে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে খেলেছিলেন ডি কক
ছবি: এএফপি

ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের সঙ্গে হাঁটু গেড়ে একাত্মতা প্রকাশের রীতি আসার পর থেকে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা একেকজনের অবস্থান ছিল একেক রকম। কেউ হাঁটু গেড়ে একাত্মতা জানিয়েছেন, কেউ মুষ্ঠিবদ্ধ হাত তুলে ধরেছেন, কেউবা দাঁড়িয়ে একাত্মতা জানিয়েছিলেন। শ্বেতাঙ্গ বা কৃষ্ণাঙ্গ খেলোয়াড়, কোচ—সবাই এমন করেছিলেন, একমাত্র ডি কক ছাড়া। এখন পর্যন্ত ওপরের তিনটি কাজের একটিও করেননি তিনি।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষেও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের দেখা গেছে বিভিন্ন ভঙ্গিতে। অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সবাই অবশ্য হাঁটু গেড়ে বসেছেন ম্যাচ শুরুর আগে। আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের আগে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দলের সবার জন্যই এ আন্দোলনের সঙ্গে একই ভঙ্গিতে একাত্মতা প্রকাশ করা বাধ্যতামূলক।

ম্যাচ শুরুর আগে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের সঙ্গে আজ মাঠে থাকা দক্ষিণ আফ্রিকা দলের সবাই হাঁটু গেড়ে একাত্মতা জানিয়েছেন
ছবি: রয়টার্স

বিবৃতিতে বলা হয়েছে, ‘দলের সদস্যদের “ব্ল্যাক লাইভস ম্যাটার” আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশের জন্য ভিন্ন রকম ভঙ্গিমার কারণে একটা অনাকাঙ্ক্ষিত ধারণা তৈরি হয়েছে। যাতে মনে হচ্ছে, এ আন্দোলনের প্রতি পর্যাপ্ত সমর্থন প্রকাশ করা হচ্ছে না। ক্রিকেটারদের এ ক্ষেত্রে অবস্থানসহ সব রকম ইস্যু পর্যালোচনার পর বোর্ডের মনে হয়েছে বর্ণবাদের বিপক্ষে ক্রিকেটারদের একাত্মতা প্রকাশে ঐক্যবদ্ধ হওয়া উচিত, বিশেষ করে দক্ষিণ আফ্রিকার ইতিহাস বিবেচনায়। বিশ্বকাপে একাধিক দল একটা ধারাবাহিক অবস্থান নিয়েছে। বোর্ড মনে করে, দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়দেরও এটা করা উচিত।’

ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রথনা লসন নাইডু বলেছেন, ‘বর্ণবাদের বিপক্ষে প্রতিজ্ঞাবদ্ধ হওয়াটা আমাদের ঐক্যবদ্ধ ও আরও শক্তিশালী করে তোলার ক্ষেত্রে বন্ধন হিসেবে কাজ করে। আমাদের দুর্বলতা বাড়াতে বর্ণ-গোত্রের কোনো ভূমিকা থাকা উচিত নয়। আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন দিকে বৈচিত্র্যের স্থান আছে, তবে বর্ণবাদের বিপক্ষে এর স্থান থাকা উচিত নয়।’

ম্যাচ শুরুর আগে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের সঙ্গে আজ মাঠে থাকা দক্ষিণ আফ্রিকা দলের সবাই হাঁটু গেড়ে একাত্মতা জানিয়েছেন।