ওয়েস্টফিল্ডের সহায়তার আশায় কানেরিয়া
কাউন্টিতে ম্যাচ পাতানোর অভিযোগে ইংল্যান্ড ক্রিকেটে গত বছর আজীবনের জন্য নিষিদ্ধ হয়েছেন। সেই নিষেধাজ্ঞার বিরুদ্ধে দানিশ কানেরিয়ার করা আপিলের শুনানি আগামী সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার কথা।পাকিস্তানের দৈনিক ‘ডন’-এর খবরে বলা হয়েছে, শুনানিতে অংশ নিতে আজ মঙ্গলবার লন্ডনের উদ্দেশে দেশ ছেড়েছেন কানেরিয়া। দেশ ছাড়ার আগে পাকিস্তানের সাবেক এই লেগস্পিনার জানান, কাউন্টিতে তাঁর সাবেক সতীর্থ মেলভিন ওয়েস্টফিল্ডের সহায়তা আশা করছেন তিনি। শুনানির সময় তাঁর সহায়তা পেলে নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাবেন বলে বিশ্বাস কানেরিয়ার।কানেরিয়া বলেন, ‘ওয়েস্টফিল্ডের উপস্থিতিতে ডিসিপ্লিনারি কমিটি সব কিছু পরিষ্কার বুঝতে পারবে। আশা করছি, শুনানি স্বাধীন ও নিরপেক্ষ হবে। নিষেধাজ্ঞার কারণে আমার জীবনধারণ এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে।’২০০৯ সালে এসেক্সের হয়ে খেলার সময় স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার কথা স্বীকার করায় গত বছরের ফেব্রুয়ারিতে কানেরিয়ার সাবেক সতীর্থ মেলভিন ওয়েস্টফিল্ডকে চার মাসের কারাদণ্ড দেন যুক্তরাজ্যের একটি আদালত। শুনানির সময় ওয়েস্টফিল্ড দাবি করেন, পাকিস্তানি স্পিনার কানেরিয়ার প্ররোচনাতেই স্পট ফিক্সিংয়ে জড়ান তিনি। এরই ধারাবাহিকতায় কানেরিয়াকে আজীবন নিষিদ্ধ করে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। অন্যদিকে দোষ স্বীকার ও কানেরিয়ার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ায় ওয়েস্টফিল্ডকে মাত্র পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়। তবে পুরো সময় নয়, তিন বছর অতিক্রান্ত হলেই ক্লাব ক্রিকেটে খেলতে পারবেন ওয়েস্টফিল্ড।কানেরিয়ার বিরুদ্ধে অভিযোগ অবশ্য শুরু থেকেই ছিল। অভিযোগের পরিপ্রেক্ষিতে এর আগে ইসিবি ও আইসিসি তদন্ত চালায়। ২০১০ সালে পুলিশ কানেরিয়াকে জিজ্ঞাসাবাদও করেছিল। তখনকার তদন্ত বা জিজ্ঞাসাবাদে তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি। তবে আদালতে ওয়েস্টফিল্ডের দেওয়া বক্তব্যের ওপর ভিত্তি করে কানেরিয়াকে অভিযুক্ত করে ইসিবি। ডিসিপ্লিনারি কমিটি সেই অভিযোগের সত্যতা পেয়ে আজীবন নিষিদ্ধ করে কানেরিয়াকে।পাকিস্তান ক্রিকেটে অবশ্য অনেক আগে থেকেই অলিখিতভাবে ‘নিষিদ্ধ’ হয়ে আছেন কানেরিয়া। তাঁর সততা নিয়ে সন্দেহ রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) গঠিত ‘নৈতিকতা’ কমিটির। যতক্ষণ পর্যন্ত এই সন্দেহ দূর না হবে, ততক্ষণ পর্যন্ত এই লেগ-স্পিনারকে জাতীয় দলে নেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে পিসিবি। বাট-আমির-আসিফদের স্পট কেলেঙ্কারির পর এই ‘নৈতিকতা’ কমিটি গঠন করা হয়।