ককের সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার ভালো শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ককের একটি পুল শর্ট
ককের একটি পুল শর্ট

ধোনির তরুণ ব্রিগেডের আসল পরীক্ষা শুরু। সিরিজের শুরুতেই এ কথাই ঘুরেফিরে এসেছে। এক কাঠি সরেস এবি ডি ভিলিয়ার্স সুযোগ বুঝে কোপ মেরেও দিয়েছেন। ধোনিদের মনে করিয়ে দিয়েছেন, দক্ষিণ আফ্রিকায় ভারতের নড়বড়ে রেকর্ডের কথা।

আজ জোহানেসবার্গে শুরু হওয়া তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে দক্ষিণ আফ্রিকা কিন্তু ভালোই পরীক্ষা নিচ্ছে ধোনির দলের। ব্যাট করতে নেমে ৩২ ওভার শেষে তাদের স্কোর ২ উইকেটে ১৮৩ রান। ভারতীয় বোলারদের ওপর সবচেয়ে বেশি চড়াও হয়েছেন কুইন্টন ডি কক। কড়া শাসনে তুলে নিয়েছেন ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি।

এই ককই হাশিম আমলার সঙ্গে মিলে দুর্দান্ত এক শুরু এনে দিয়েছিলেন স্বাগতিকদের। উদ্বোধনী জুটিতেই এসেছিল ১৫২ রান। দেশের মাটিতে এটাই ভারতের বিপক্ষে প্রোটিয়াদের দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী জুটির রেকর্ড। সর্বোচ্চ জুটিটার রেকর্ডটা হয়তো ভেঙেই যেত। কিন্তু সেই রেকর্ড থেকে ২১ রান দূরে থাকতেই উইকেটের জন্য হন্যে হয়ে থাকা ভারতকে একটা উইকেট এনে দেন মোহাম্মদ সামি। পরে ক্যালিসকেও ফিরিয়েছেন এই পেসার।

টসে জিতে ফিল্ডিং নেওয়ায় হয়তো এখন আফসোসই হচ্ছে ধোনির। স্তন ক্যানসার প্রতিরোধ দিবস হিসেবে প্রোটিয়াদের গায়ে চড়েছে গোলাপি পোশাক। অনেকটাই অচেনা লাগছে ডি ভিলিয়ার্সদের। তবে পোশাক বদলালেও ব্যাটের ধার দিয়েই নিজেদের চিনিয়ে দিচ্ছেন প্রোটিয়া ব্যাটসম্যানরা।

দক্ষিণ আফ্রিকা-ভারত ম্যাচের সর্বশেষ স্কোর জানতে C লিখে এসএমএস করুন 2221 নম্বরে