ককের সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার ২৬৬

বয়স ২০ বছর। এখনো টেস্ট অভিষেক হয়নি। সীমিত ওভারের ক্রিকেটে পরিসংখ্যানটাও দুর্বল। আট ওয়ানডেতে ২১.৫০ গড়ে সংগ্রহ ১৭২ রান, এক ইনিংসে সর্বোচ্চ ৪০। ছয়টি টি-টোয়েন্টিতে ১৭.৫০ গড়ে সংগ্রহ ৭০ রান, এক ইনিংসে সর্বোচ্চ ২৮। সেই কুইন্টন কক আজ ঘাম ঝরিয়ে ছাড়লেন পাকিস্তানি বোলারদের।
১৩৫ বলে ১১২ রান। ককের দুর্দান্ত সেঞ্চুরির ওপর ভর করে সিরিজের চতুর্থ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দাঁড়িয়েছে পাঁচ উইকেটে ২৬৬ রান। পাকিস্তানের হয়ে জুনায়েদ খান ও মোহাম্মদ হাফিজ প্রত্যেকে দুটি করে এবং মোহাম্মদ ইরফান একটি উইকেট নেন।
দক্ষিণ আফ্রিকার শুরুটাই হয় দারুণ। হাশিম আমলা ও ককের উদ্বোধনী জুটিতে আসে ৮৭ রান। আমলা ৪৬ রান করে ফিরে গেলেও অপর প্রান্তে থাকা কক ছিলেন সাবলীল। তিনি যখন ফেরেন, তখন দলীয় সংগ্রহ ২১০ রানে। মাঝে প্লেসিস ১০ ও অধিনায়ক ভিলিয়ার্স ৩০ রান করে আউট হন। ডেভিড মিলার করেন পাঁচ রান। ষষ্ঠ উইকেটে অবশ্য দারুণ খেলেন পল ডুমিনি ও রায়ান ম্যাকক্লারেন। ইনিংস শেষ হওয়ার সময় ডুমিনি ২৫ ও ম্যাকক্লারেন ২৮ রান নিয়ে অপরাজিত থাকেন। সূত্র: ক্রিকইনফো।