কক্ষপথে ফেরার ম্যাচ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল মুমিনুলের সঙ্গে অনুশীলনে নাঈম ও তামিম। আজ শেষ ওয়ানডেতে এ দুজনকে একাদশে নিয়েই কি সান্ত্বনার জয়ের খোঁজে নামবে বাংলাদেশ? ।  প্রথম আলো
কাল মুমিনুলের সঙ্গে অনুশীলনে নাঈম ও তামিম। আজ শেষ ওয়ানডেতে এ দুজনকে একাদশে নিয়েই কি সান্ত্বনার জয়ের খোঁজে নামবে বাংলাদেশ? । প্রথম আলো

আজ শেষ ম্যাচে কী পাওয়ার আছে বাংলাদেশ দলের?
এক শব্দে প্রশ্নটার উত্তর হতে পারে ‘জয়’। চট্টগ্রামে টেস্ট ড্রয়ের পর বাংলাদেশ দল শুধু জয়ের সুবাসই পাচ্ছে, জয় আর পাচ্ছে না। আজ জিতলেও বাংলাদেশ ওয়ানডে সিরিজ হারবে ২-১ ব্যবধানে। তার পরও এই ম্যাচে জয় দরকার কক্ষপথে ফিরতে। গত এক-দেড় বছর ধরেই সেই কক্ষপথটা ছিল সাফল্যের।
পরশু দ্বিতীয় ওয়ানডেতে হারের পর অধিনায়ক মুশফিকুর রহিম বলছিলেন, একটা জয়ই পারে তাদের ব্যর্থতার বৃত্ত থেকে বের করে আনতে। তবে কোচ শেন জার্গেনসেন বা প্রধান নির্বাচক ফারুক আহমেদ জয়ের কথাটা বলছেন পরে। তাঁরা আগে চান বাংলাদেশ ভালো ক্রিকেট খেলুক, আজ শেষ হতে চলা সিরিজে যেটা তাঁরা খুব কমই খেলেছে।

শেষ ম্যাচে প্রত্যাশার কথা জানতে চাইলে শেন জার্গেনসেন একবাক্যে বলেছেন, ‘কাল (আজ) আমাদের খুব ভালো ক্রিকেট খেলতে হবে।’ ফারুক আহমেদ এ কথাটাই বললেন সবিস্তার ব্যাখ্যায়, ‘সবচেয়ে জরুরি ভালো ক্রিকেট খেলা। খেলোয়াড়েরা পরিকল্পনা নিয়ে মাঠে গেলেও শেষ পর্যন্ত সেটা কাজে লাগাচ্ছে না বা লাগাতে পারছে না। শেষ ম্যাচে আমরা অন্তত এটা দেখতে চাই যে তারা পরিকল্পনা কাজে লাগানোর চেষ্টা করছে। দলটাকে যেন একটা দলের মতো দেখায়।’
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারের পর প্রথম দুই ওয়ানডেতেও জিততে না পারা আত্মবিশ্বাসের ভিতটাই কাঁপিয়ে দিয়েছে বাংলাদেশ দলের। দিনে দিনে একটু একটু করে প্রতিষ্ঠিত ‘নিজেদের দিনে বাংলাদেশ যে কাউকে হারাতে পারে’ কথাটা যেন এই সিরিজে মিথ্যে হয়ে গেল! চট্টগ্রামে দুটি টি-টোয়েন্টিতেই বা ঢাকার প্রথম ওয়ানডেতেও মনে হচ্ছিল দিনটা বাংলাদেশের। কিন্তু এই সিরিজে বাংলাদেশ বারবার দেখাচ্ছে, কীভাবে নিজেদের দিন প্রতিপক্ষের হাতে তুলে দিতে হয়।

বাংলাদেশ দলের এমন ‘সৌজন্যে’ শ্রীলঙ্কাকে বেশ নির্ভারই রেখেছে এ পর্যন্ত। শেষ ওয়ানডের আগের দিনটা পুরোপুরি বিশ্রামে কাটিয়েছে তারা। তবে এদিন দেশে ফিরে গেছেন তিলকরত্নে দিলশান ও কুমার সাঙ্গাকারা। আগের ম্যাচে ডান হাতের বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন দিলশান। এশিয়া কাপের প্রথম ম্যাচে না খেলাটা নিশ্চিত বলে দেশে ফিরে গেছেন তিনি। পরের দিকে খেললেও খেলতে পারেন, নয়তো ফিরবেন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে। তবে আগামী সোমবার ঢাকায় ফিরবেন বলে এশিয়া কাপের শুরু থেকেই সাঙ্গাকারাকে পাবে শ্রীলঙ্কা।
চলতি সিরিজে দিলশান বলার মতো কিছুই করতে পারেননি। কিন্তু সাঙ্গাকারা সুযোগ পেলেই দেয়াল হয়ে দাঁড়িয়ে যান সামনে। সেদিক থেকে শ্রীলঙ্কা দলে তাঁর অনুপস্থিতি বাংলাদেশকে আজ কিছুটা হলেও স্বস্তি দেবে। তবে এশিয়া কাপের দলে থাকা লাহিরু থিরুমান্নে কালই ঢাকায় এসে পৌঁছেছেন। আজকের ম্যাচে তিনি খেলবেনও।

বিয়োগান্তক ঘটনা ঘটছে বাংলাদেশ দলেও। পরশু ম্যাচ চলাকালে ক্যামেরার সামনে অশ্লীল অঙ্গভঙ্গি করেছেন সাকিব আল হাসান। আরও অনেকের মতো প্রেসিডেন্ট বক্সে বসা বিসিবির সভাপতি নাজমুল হাসানেরও চোখ এড়ায়নি দৃশ্যটা। সূত্র জানিয়েছে, প্রাথমিক প্রতিক্রিয়া হিসেবে বোর্ড সভাপতি তাৎক্ষণিক নির্দেশ দিয়ে দিয়েছেন, আজকের ম্যাচের একাদশে যেন সাকিবকে না নেওয়া হয়। কাল সন্ধ্যায় হওয়া শুনানি শেষে তো তাঁকে তিন ম্যাচের জন্য বহিষ্কারই করা হয়েছে, সঙ্গে তিন লাখ টাকা জরিমানাও।

সাকিব নেই, তামিমকে ঘিরে অনিশ্চয়তাও কাটছে না। কাল ঐচ্ছিক অনুশীলনে এলেও নেটে যাননি তামিম। তবে আশার কথা, নেক বেল্ট পরে আসেননি। ড্রেসিংরুমের সামনে বেশ কিছুক্ষণ নক করলেন, একবার উড়িয়ে মেরে ভাঙলেন বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তার কক্ষের জানালার কাচও। তার পরও কাল রাত পর্যন্তও নিশ্চিত হওয়া যায়নি আজ শেষ ম্যাচটা তামিম খেলছেন কি না। এমআরআই করানো হয়েছে ঘাড়ের। অপেক্ষা ছিল রিপোর্টটা হাতে পাওয়ার।
গত নিউজিল্যান্ড সিরিজে সাকিবের জায়গায় দলে এসে দারুণ পারফরম্যান্স করেছিলেন নাঈম ইসলাম। আজও সাকিব নেই, তাঁর জায়গা হয়তো নেবেন নাঈমই। অবশ্য একাদশ যাদের নিয়েই গড়া হোক, আজ লক্ষ্য একটাই—হারানো কক্ষপথটা খুঁজে পাওয়া।