কক্ষপথেই বার্সা, পথ হারাল গানার্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় প্রতি ম্যাচেই গোল করাটা অভ্যাসে পরিণত করেছিলেন। এবার গোল না পাওয়ার অভিজ্ঞতাও হলো লিওনেল মেসির। পরশু ম্যাচের পুরোটা সময় খেলেও গোলের দেখা পেলেন না লা লিগা আর চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলদাতা। বার্সেলোনার অবশ্য তাতেও সমস্যা হয়নি। দেপোর্তিভো লা করুনিয়ার বিপক্ষে ৩-০ গোলে জিতে শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে গেল বর্তমান চ্যাম্পিয়নরা। গতকাল রাতে আলমেরিয়ার বিপক্ষে রিয়াল মাদ্রিদ জিতে গেলেও পয়েন্টের ব্যবধান তিনই থাকবে।আগের ম্যাচেই এল ক্লাসিকোতে গোল করা পেদ্রো এদিন ম্যাচের নয় মিনিটেই দারুণ শট নিয়েছিলেন। কিন্তু পোস্টে লেগে ফিরে আসে সেই শট। গোল অবশ্য পেয়েছেন, তবে সেজন্য অপেক্ষা করতে হয়েছে আরও ৬০ মিনিট। তবে এরই মধ্যে ১৬ মিনিটের মাথায় দলকে এগিয়ে দিয়েছিলেন বোজান কিরকিচ। ৬৯ মিনিটে পেদ্রো আর ৭২ মিনিটে ইয়া তোরে—তিন মিনিটের মধ্যে করুনিয়ার জালে আরও দুই গোল জড়িয়ে অন্তত ২৪ ঘণ্টার জন্য রিয়ালের চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে গেল বার্সেলোনা।নিজেদের মাঠে সহজ এই জয় পেপ গার্দিওলাকে চাপমুক্তও করল। সেই চাপ এখন গিয়ে পড়ল রিয়ালের ওপর। বার্সেলোনাকে নাগালের মধ্যে রাখতে হলে জিততেই হবে—এই হিসাব মাথায় রেখেই কাল তারা খেলতে নেমেছিল পয়েন্ট টেবিলের ১৩ নম্বরে থাকা আলমেরিয়ার বিপক্ষে। ওদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের শিরোপার স্বপ্নে বজ্রাঘাত করেছে তাদেরই প্রতিবেশী টটেনহাম। ১-২ গোলে হেরে গেছে আর্সেন ওয়েঙ্গারের দল। মঙ্গলবার বোল্টনের বিপক্ষে ১-০ গোলে জিতে শীর্ষস্থানটা আরও সুসংহত করেছে চেলসি। ৩৪ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৭৭, সমান ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের ৭৩, আর্সেনালের ৭১। লিগে বাকি আছে আর চারটি ম্যাচ।এ মাসের শুরুতে চেলসির কাছে ১-২ গোলে নিজেদের মাঠে হারার পর ম্যানইউ কোচ অ্যালেক্স ফার্গুসন স্বীকার করে নিয়েছিলেন, লিগের নিয়ন্ত্রণ এখন চেলসির হাতেই। পরের ম্যাচেই ম্যানইউ ব্ল্যাকবার্নের সঙ্গে গোলশূন্য ড্র, আর আর্সেনাল হেরে বসায় সবচেয়ে উপকার কার্লো আনচেলত্তিরই হলো।চেলসিকে সহজে ছাড় দেবেন না বলে হুঙ্কার তুলেছিলেন যে ওয়েঙ্গার, এখন ফার্গুসনের মতো তাঁরও সুর নরম। ১৯৯৯ সালের পর টটেনহামের কাছে এই প্রথম লিগে হেরে যাওয়া আর্সেনালের জন্য সম্ভাবনা আর খুব একটা বেঁচে নেই বলে স্বীকার করে নিয়েছেন ওয়েঙ্গার। এই গুরুত্বপূর্ণ সময়ে একের পর এক খেলোয়াড় ইনজুরিতে পড়ায় ভাগ্যকেই দুষছেন এই ফরাসি, ‘আমাদের দুর্ভাগ্য হলো, শেষ প্রান্তের লড়াইয়ে এসে আমরা অনেক ভালো ভালো খেলোয়াড়কে হারিয়েছি। এটা মেনে নেওয়া কষ্টকর।’ এএফপি, রয়টার্স।