গ্রুপপর্ব পেরিয়ে অলিম্পিকের পুরুষ ফুটবল এখন নকআউটপর্বের উত্তেজনার অপেক্ষায়। টুর্নামেন্টের চারটি কোয়ার্টার ফাইনালই হবে আগামীকাল। সেমিফাইনালে ওঠার লাইনআপটা এমন: ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন ব্রিটেনের প্রতিপক্ষ ‘বি’ গ্রুপ রানার্সআপ দক্ষিণ কোরিয়া, ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন মেক্সিকোর মুখোমুখি ‘এ’ গ্রুপ রানার্সআপ সেনেগাল। সোনার আজন্ম হাহাকার মুছে ফেলতে মরিয়া ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিলের সামনে ‘ডি’ গ্রুপ রানার্সআপ হন্ডুরাস এবং অন্য ম্যাচে এশিয়ার প্রতিনিধি ‘ডি’ গ্রুপ চ্যাম্পিয়ন জাপানের প্রতিপক্ষ ‘সি’ গ্রুপ রানার্সআপ মিসর।স্বাগতিক হওয়ার সুবাদে সেই ১৯৬০ সালের পর আবার অলিম্পিকের ফুটবলে খেলার ছাড়পত্র পেয়েছে ব্রিটেন। স্বাগতিক বলে টুর্নামেন্টের শুরু থেকেই ব্রিটিশদের প্রত্যাশাটা বড়। ‘বুড়ো’ রায়ান গিগসের নেতৃত্বে ব্রিটেন খেলছেও দারুণ। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে হলে উরুগুয়ের সঙ্গে শেষ গ্রুপ ম্যাচে জিততেই হতো গিগসদের। ড্যানিয়েল স্টারিজের ৪৫ মিনিটের গোলে উরুগুয়েকে হারিয়ে গ্রুপে চ্যাম্পিয়নই হয়েছে ব্রিটেন। তবে অন্য ম্যাচে আরব আমিরাত ১-১ গোলে সেনেগালকে রুখে দেওয়াতেই ব্রিটেন সুবিধা পেয়েছে। লুইস সুয়ারেজ, এডিনসন কাভানি থাকায় উরুগুয়েও ছিল অন্যতম ফেবারিট। কিন্তু গ্রুপপর্বই পেরোতে পারল না তারা।পরশু গুরুত্বপূর্ণ ম্যাচে ১-০ গোলের হারের সঙ্গে দর্শকদের দুয়োও হজম করতে হয়েছে সুয়ারেজকে। ব্রাজিল যথারীতি উড়ছে। টুর্নামেন্টের একমাত্র দল হিসেবে তিন ম্যাচে পুরো ৯ পয়েন্ট নিয়ে শেষ আটে মানো মেনেজেসের দল। প্রথম দুই ম্যাচ জেতায় পরশু নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি ব্রাজিলের জন্য ছিল নিয়মরক্ষার। অন্যদিকে কিউইদের জন্য এটা ছিল বাঁচা-মরার লড়াই। কিন্তু বাঁচতে পারেনি তারা। দানিলো, দামিয়াও ও সান্দ্রোর গোলে নিউজিল্যান্ড উড়ে গেল ৩-০-তে। ফলে বেলারুশকে ৩-১ গোলে হারিয়ে সমীকরণের জটিলতা এড়িয়েই কোয়ার্টার ফাইনালে মিসর।প্রথম ম্যাচেই ফেবারিট স্পেনকে কুপোকাত করা জাপানেরও নিশ্চিত হয়েছে শেষ আট। পরশু নীল সামুরাইদের ০-০-তে রুখে দিয়ে শেষ আট পাকা করে হন্ডুরাসও। কিন্তু ফেবারিটদের মধ্যে স্পেন ফিরল লজ্জা নিয়ে। বাদ পড়েছে তারা প্রথম দুই ম্যাচ হেরেই। শেষ ম্যাচে মরক্কোর সঙ্গে ড্র করে একটা পয়েন্ট অবশ্য পেয়েছে ফুটবল-বিশ্বে নতুন ঢেউ তোলা স্পেন, কিন্তু একটা গোলও করতে পারেনি! রয়টার্স, এএফপি।