কক্স সিটির স্বপ্নযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীরবেই ঘটে গেল ব্যাপারটা। পেশাদার ফুটবলের মূল পর্বে ওঠা তো নবাগত কক্স সিটির জন্য ‘এলাম, দেখলাম, জয় করলাম’ বিজ্ঞাপন। কক্সবাজারে চলমান পেশাদার লিগের দ্বিতীয় স্তরে চ্যাম্পিয়ন হয়েই মূল পর্বে উঠল কক্স সিটি। এবারই প্রথম বড় প্রতিযোগিতায় খেলল কক্সবাজার শহরের নতুন দলটি। কিন্তু নিজেদের তুলে ধরতে একেবারেই সময় নিল না তারা। সাত দলের দ্বিতীয় স্তরে কক্স সিটির শেষ ম্যাচ আগামী পরশু। তার আগেই তারা ১১ ম্যাচে ১৯ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন। দ্বিতীয় স্তর থেকে মূল পর্বে ওঠার অধিকার একটি মাত্র দলের। সেই দলটিই কক্স সিটি, আগামী পেশাদার লিগের ১০ দলের দশম দল। ১১ দলের পেশাদার লিগ থেকে এবার অবনমিত হবে দুটি দল। ঢাকার ভিক্টোরিয়া-ওয়ারীর মতো ঐতিহ্যবাহী দলের জন্যও পেশাদার লিগে খেলা বিশাল চ্যালেঞ্জ এবং চাপ। কক্সবাজারের মতো দলের জন্য এটা আরও বেশি। এই স্তরে ১২ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ওয়ারী। তৃতীয় স্থানে থাকা বিয়ানীবাজারের পয়েন্ট ১১ ম্যাচে ১৫। পরশু বিয়ানীবাজার ২-০ গোলে ভিক্টোরিয়াকে হারানোয় কক্স সিটির চ্যাম্পিয়নশিপ নিশ্চিত হয়ে যায়। একই সঙ্গে ১১ ম্যাচে মাত্র ৯ পয়েন্ট পাওয়া চট্টগ্রাম আবাহনীর অবনমনও নিশ্চিত হয় পরশু। দেশের শীর্ষ ফুটবলে চট্টগ্রামের কোনো প্রতিনিধিত্ব থাকল না। চট্টগ্রাম মোহামেডান এবার পেশাদার লিগ থেকে অবনমিত হয়ে দ্বিতীয় স্তরে নামই লেখায়নি। চট্টগ্রাম আবাহনী নাম লেখালেও রণে ভঙ্গ দিয়ে ঘরে (চট্টগ্রাম লিগে) ফিরে যাচ্ছে দলটি। দ্বিতীয় স্তরে টিকে গেছে উত্তর বারিধারা ১১ ম্যাচে (১৪), ভিক্টোরিয়া (১৩), অগ্রণী ব্যাংক (১৩)। চট্টগ্রামের দুটি দলই নেতৃত্বের অনাগ্রহ এবং ব্যর্থতার বলি। উল্টো দিকে কক্স সিটি পেয়েছে ইকবাল মোহাম্মদ শামসুল হুদার মতো উদ্যমী সভাপতিকে। মোহামেডানের মতো দলকে ফেডারেশন কাপে হারিয়েছে তারা। যদিও মুক্তিযোদ্ধার কাছে ১০ গোলে বিধ্বস্ত হয়েছে কক্স সিটি। সেটি এখন আর কে মনে রাখে! কাল কক্সবাজার থেকে ফোনে কক্স সিটির গোলরক্ষক ও কর্মকর্তা খালেদ আজম বললেন, ‘আমাদের নিয়ে অনেকে অনেক কথা বলেছে। দ্বিতীয় স্তরে চ্যাম্পিয়ন হয়ে আমরা আমাদের স্বপ্ন পূরণ করেছি।’ মূল পেশাদার লিগে একটা লড়াকু দল গড়ার প্রতিশ্রুতি দিলেন ম্যানেজার খালেদ মোশাররফ। অধিনায়ক মাসুদ আলমের কথা, ‘হোম ভেন্যুর কোনো সুবিধা আমরা পাইনি। এই পর্বে আমরা মাত্র দুটি কার্ড দেখেছি। ভবিষ্যতেও আমরা ভালো ফুটবল খেলব আশা করি।’সাংগঠনিক দক্ষতা অর্জনই এখন সবচেয়ে বেশি প্রয়োজন কক্স সিটির।