কক্সবাজার দিয়ে শেষ
শুরু হয়েছিল সিলেট দিয়ে। এরপর বিকেএসপি, ফতুল্লা, মিরপুর, চট্টগ্রাম। কাল কক্সবাজার দিয়ে শেষ হলো আইসিসি পরিদর্শক দলের ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু পরিদর্শন। আজ বিসিবি কর্তাদের কাছে ভেন্যুগুলোর অবস্থা ব্যাখ্যা করে প্রয়োজনীয় নির্দেশনা ও পরামর্শ দিয়ে যাবে পরিদর্শক দল। কাজের অগ্রগতি দেখতে তারা আবার জুলাই মাসে আসবে পরিদর্শনে।কক্সবাজারে একবারে শূন্য থেকে নতুন করে গড়ে তুলতে হবে স্টেডিয়াম, এটি নিয়ে স্বাভাবিকভাবেই সংশয় বেশি থাকে। পরিদর্শক দল কাল গিয়ে পেয়েছে শুধু জমি। তবে বিসিবি তাদের আশ্বাস দিয়েছে বিশ্বকাপের আগেই ভেন্যু দাঁড়িয়ে যাবে। কক্সবাজারে হবে শুধু মেয়েদের খেলা। মেয়েদের খেলার যেহেতু টিভি সম্প্রচার হয় না, তাই সবকিছু একেবারে পরিপাটি করার পরিকল্পনা আপাতত নেই। মোটামুটি খেলা চালানোর মতো অবস্থায় দাঁড় করানো হবে। উইকেট বানানোর কাজ শুরু হবে শিগগিরই। কক্সবাজার স্টেডিয়াম ঘিরে বিসিবির যে পূর্ণাঙ্গ ক্রিকেট কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা, সেটা হবে আস্তে-ধীরে। দলগুলোর অনুশীলন ভেন্যু কক্সবাজার জেলা স্টেডিয়ামও পরিদর্শন করেছে আইসিসির ছয় সদস্যের দল।চট্টগ্রামের দুই টেস্ট ভেন্যু এমএ আজিজ ও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম দেখেছে দলটি। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চলছে পানিনিষ্কাশনব্যবস্থা উন্নয়ন ও আউটফিল্ড পুনঃস্থাপনের কাজ। দু-তিন মাসের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা এসব। দলটি পরিদর্শন করেছে অনুশীলন ভেন্যু মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠও। সিলেটে আন্তর্জাতিক মানের ড্রেসিংরুম তৈরিসহ প্রেসবক্স, গ্যালারিসহ সংস্কার করতে হবে অনেক কিছুই। অনুশীলনের জন্য সিলেট ক্যাডেট কলেজের একটি মাঠ প্রস্তুত করছে বিসিবি। ফতুল্লা ও বিকেএসপিকে আপাতত অনুশীলন ও প্রস্তুতি ম্যাচের ভেন্যু রাখা হয়েছে। তবে ফতুল্লায় মূল টুর্নামেন্ট ও বিকেএসপিতে মেয়েদের খেলা হওয়ার সম্ভাবনাও আছে। এ জন্য এই দুই ভেন্যুরও কিছু সংস্কার হবে।ভেন্যুর পাশাপাশি সব শহরেই হোটেলসহ যোগাযোগব্যবস্থার খোঁজখবর নিয়েছে আইসিসির পরিদর্শক দল। জানা গেছে, এসব নিয়ে মোটামুটি সন্তুষ্টই তাঁরা।