কক্সবাজারে আবারও বিচ ফুটবল
বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে দ্বিতীয়বারে মতো বসছে বিচ ফুটবলের আসর। ৬ ও ৭ এপ্রিল এই টুর্নামেন্টে খেলবেন সাবেক নামী ফুটবলাররা। দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে মোহামেডান, আবাহনী, ব্রাদার্স, মুক্তিযোদ্ধা, বিজেএমসি ও চট্টগ্রাম মাস্টার্স। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ১ লাখ টাকা। রানার্সআপ ৫০ হাজার টাকা। পুরস্কার থাকবে ম্যাচের সেরা খেলোয়াড়দের জন্যও। টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক চ্যানেল আই। সহযোগী প্রতিষ্ঠান রানার গ্রুপ। খেলাগুলো সরাসরি সম্প্রচার করবে বেসরকারি এই টেলিভিশন চ্যানেল। টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় রয়েছে সাবেক তারকা ফুটবলারদের সংগঠন ওয়াফ (উই আর ফর ফুটবল)। কাল চ্যানেল আই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্যগুলো জানিয়েছেন টুর্নামেন্টের সদস্যসচিব শফিকুল ইসলাম (মানিক)। উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, ওয়াফের সভাপতি স্থপতি মোবাশ্বের হোসেন, রানার গ্রুপের ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হোসেন প্রমুখ।