কক্সবাজারে জাতীয় সার্ফিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২৬-২৭ এপ্রিল কক্সবাজারের লাবণী পয়েন্টে প্রথমবারের মতো হবে জাতীয় সার্ফিং প্রতিযোগিতা। এতে অংশ নেবেন ৭০ জন সার্ফার। বাংলাদেশে খেলাটিকে জনপ্রিয় করতে এবং ছড়িয়ে দিতে সম্প্রতি গঠন করা হয়েছে সার্ফিং অ্যাসোসিয়েশন। তাদের উদ্যোগে যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন ‘সার্ফিং দ্য নেশনস’-এর ২২ সদস্যের একটি দল বাংলাদেশে এসেছে পরশু। বাংলাদেশের সার্ফারদের উন্নত প্রশিক্ষণ দেওয়াই তাদের মূল লক্ষ্য। তবে জাতীয় প্রতিযোগিতার বিচারকের দায়িত্বটাও পালন করবেন বিদেশি এই সার্ফাররা। সংগঠনটির অপরাশেনস ম্যানেজার দক্ষিণ আফ্রিকার ক্যাথরিন অ্যাম কাল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বললেন, ‘বাংলাদেশে আসার আগে এখানকার পরিবেশ বা সংস্কৃতি সম্পর্কে আমি কিছুই জানতাম না। ইন্টারনেট ঘেঁটে জেনেছি যে বঙ্গোপসাগরে সার্ফিংয়ের জন্য পর্যাপ্ত ঢেউ আছে। এখানে এসে বাংলাদেশের সার্ফারদের খেলা দেখেছি। এরা যথেষ্ট সম্ভাবনাময়।’ বিশ্বের বুকে বাংলাদেশকে পরিচিত করাতেও সার্ফিং ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি।
জাতীয় সার্ফিং প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করছে ব্র্যাক চিকেন। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সার্ফিং অ্যাসোসিয়েশনের সভাপতি এফ এম ইকবাল বিন আনোয়ার, বাংলাদেশ পর্যটন করপোরেশনের কর্মকর্তা পারভেজ আহমেদ প্রমুখ।