কক্সবাজারের অপেক্ষায় ক্রিকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১১ বিশ্বকাপ বাংলাদেশের ক্রিকেটে একটা নতুন মাইলফলক হবে, বড় একটা দীর্ঘশ্বাসও হয়তো। এই প্রথম বাংলাদেশের মাটিতে বসবে বিশ্বকাপের আসর, অথচ সেই বিশ্বকাপ বাংলাদেশের ক্রিকেটকে দিচ্ছে না নতুন কোনো মাঠ! খোলস বদলে, রং পাল্টে নতুন বোতলে পরিবেশন করা হবে সেই পুরোনো মদই।এই আফসোস বুকে চেপে ধরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পাখির চোখ করছে বাংলাদেশে অনুষ্ঠেয় ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপকে। সেবার আর ভারত, শ্রীলঙ্কাকে নিয়ে নয়, বাংলাদেশ একাই আয়োজন করবে পুরো টুর্নামেন্ট। তবে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ একটা আপাত লক্ষ্যমাত্র, নইলে একদমই নিজেদের করে একটা আন্তর্জাতিক ভেন্যু পাওয়ার তাড়না বিসিবির বহুদিনের। বিসিবি এখন যেসব মাঠকে সাজাচ্ছে, বিশ্বকাপের রঙে রাঙাচ্ছে, তার সবই তো জাতীয় ক্রীড়া পরিষদের কাছ থেকে ইজারা নেওয়া। নিজেদের মাঠ বলতে তো কিছুই নেই!বিসিবির সেই নিজস্ব মাঠের সন্ধান চলছে এখন সমুদ্রশহর কক্সবাজারে। কক্সবাজারেই মাঠ খোঁজার মূল উদ্দেশ্য বাংলাদেশের সবচেয়ে বড় গর্ব বিশ্বের সর্ববৃহৎ সমুদ্রসৈকতকে বিশ্বের কাছে আরও ভালোভাবে তুলে ধরা। পাহাড় আর সমুদ্রের মেলবন্ধনে প্রকৃতি কত মনোরম হতে পারে, কক্সবাজারকে নতুন করে তুলে ধরে পর্যটনশিল্পের কাছে তারই বিজ্ঞাপন করতে চায় বাংলাদেশের ক্রিকেট। কক্সবাজার শহরের কলাতলী থেকে ইনানি সৈকত পর্যন্ত প্রথমে পাঁচটি জায়গা দেখা হলেও শেষ পর্যন্ত প্রাথমিকভাবে তিনটি সম্ভাব্য জায়গা চিহ্নিত করা হয়েছে ক্রিকেট স্টেডিয়ামের জন্য। প্রথমটি ২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়ার পরপরই যে জায়গায় স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল, সেই জেলেপাড়ায়। অন্য দুটি জায়গার একটি শহরের মোটেল রোডের পাশের বর্তমান গলফ কোর্স এবং অন্যটি শহর থেকে মেরিন ড্রাইভ দিয়ে ৩ কিলোমিটার দক্ষিণের দরিয়া নগরে।মাঠ খোঁজার জন্য সম্প্রতি কক্সবাজার ঘুরে এসে বিসিবির সহসভাপতি আহমেদ সাজ্জাদুল আলম বলেছেন, বিমানবন্দরের পাশের জায়গাটিই স্টেডিয়ামের জন্য সবচেয়ে আদর্শ হবে, ‘বিমানবন্দরের রানওয়ের খুব কাছে বলে এখানে উচ্চতাসংক্রান্ত কিছু বিধিনিষেধ আছে। তবে সেটা মেনেই স্টেডিয়াম করা সম্ভব। নিউজিল্যান্ডের কুইন্সটাউন বা ভারতের মোহালিতেও আমরা এ ধরনের জায়গায় স্টেডিয়াম দেখেছি। প্রয়োজনে আমরাও কুইন্সটাউনের মতো রানওয়ের দিকে গ্যালারি না করে দর্শক বসার জন্য ঘাসে ঢাকা মাটির ঢিবি করতে পারি, মোহালির মতো ফ্লাডলাইট স্টান্ডের উচ্চতা কমিয়ে লাইটের সংখ্যা বাড়াতে পারি।’ সাবের হোসেন চৌধুরী বোর্ড সভাপতি থাকার সময় জেলেপাড়ায় ৫৩ একর জায়গাজুড়ে পূর্ণাঙ্গ ক্রিকেট কমপ্লেক্সের পরিকল্পনা করা হলেও সেটি বাস্তবতার মুখ দেখেনি। আহমেদ সাজ্জাদুল আলম অবশ্য অন্য দুটি জায়গাকেও ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের উপযুক্ত মনে করছেন। মোটেল রোডের পাশের জায়গাটিতে বর্তমানে গলফ কোর্স থাকলেও সেখানে আর গলফ খেলা হয় না বলে জানিয়েছেন তিনি। আর দরিয়া নগরের জায়গাটি পাহাড়ঘেরা, যার একদিকে সমুদ্র।বোর্ডের গত তত্ত্বাবধায়ক কমিটির সময়ই নিজস্ব মাঠের ব্যাপারে আবার নড়েচড়ে বসে বিসিবি। খাসজমি খুঁজে বের করে কক্সবাজারের পুরোনো প্রকল্পটিকে নতুন করে সামনে এগিয়ে নেওয়া যায় কি না, সেটি খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয় সাজ্জাদুল আলমকে। সেই ধারাবাহিকতায় কক্সবাজারে ক্রিকেট স্টেডিয়ামের জন্য উপযুক্ত জায়গা খুঁজে বের করতে গত ২২ আগস্ট অনুষ্ঠিত বিসিবির সভায় জাতীয় ক্রীড়া পরিষদ, ক্রীড়া মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয় এবং বিসিবির প্রতিনিধির সমন্বয়ে একটি কমিটি গঠনেরও সিদ্ধান্ত হয়। কমিটিতে বিসিবি প্রতিনিধি হিসেবে থাকবেন সহসভাপতি সাজ্জাদুল আলমই।সাজ্জাদুল আলম আশাবাদী, এখনই উদ্যোগ নিলে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই কক্সবাজারে নতুন ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করা সম্ভব, ‘আমরা যদি এখনই টি-টোয়েন্টি বিশ্বকাপকে টার্গেট করে এগোই, ২০১৪ সালের আগে কক্সবাজারে নতুন স্টেডিয়াম নির্মাণ খুবই সম্ভব। কক্সবাজারে ক্রিকেট স্টেডিয়াম হলে পর্যটকদের আরও বেশি করে আকৃষ্ট করবে এই শহর। স্থানীয় প্রশাসন এবং সাধারণ মানুষও এ ব্যাপারে সাহায্য করতে প্রস্তুত বলে আমার বিশ্বাস।’বিনোদনের ক্রিকেট টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর যদি বসে কক্সবাজারের মতো পর্যটনকেন্দ্রে, এর চেয়ে ভালো আর কী হতে পারে? তবে সেটার জন্য কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি এখনই। নইলে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপও হয়তো ২০১১ বিশ্বকাপের মতো বড় একটি হতাশার দীর্ঘশ্বাসই হয়ে থাকবে।