কখনো তুমি নিঃসঙ্গ যাত্রী নও
রাজত্ব গেলেও রাজার আধিপত্য সহজে শেষ হয় না। ১৮৯২ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই যে লিভারপুল ক্লাবের দাপট শুরু ইংলিশ ফুটবলে, তারা সর্বশেষ ইংলিশ লিগ জিতেছে ১৯৯০ সালে। সে প্রায় ২১ বছর আগের কথা। যে লিভারপুল ইংলিশ লিগ চ্যাম্পিয়ন ১৮ বার, ইউরোপের চ্যাম্পিয়ন পাঁচবার; দুই বছর হলো ইউরো শ্রেষ্ঠত্বের আসরে প্রবেশাধিকার নেই তাদের। কিন্তু তাদের আছে নাম, আছে লাল রঙে ওড়ার বিশাল আকাশ। সেই আকাশ বার্তা নিয়েই তো তারা এশিয়ায় এখনো জনপ্রিয় নাম। সেই সুবাদেই লিভারপুলকে এশিয়া সফরে এনে লালে রাঙিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড। আসলেই গতকাল মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের রং হয়ে গিয়েছিল লাল। লিভারপুল বনাম মালয়েশিয়া একাদশ প্রীতি ম্যাচ শুরু হলো সন্ধ্যা ৬টায়। কিন্তু বেলা ২টা থেকেই জনস্রোত ছুটল বুকিত জলিলের পারবাদানান জাতীয় স্টেডিয়ামের দিকে। প্রায় সবার গায়েই লিভারপুলের লাল জার্সি। খেলা শুরুর আগে ৮৮ হাজার ধারণক্ষমতার স্টেডিয়াম মানুষে থই থই। এই লাল সমুদ্রের অবিরত গর্জনের মধ্যে লিভারপুল জিতল ৬-৩ গোলে।২৬ মিনিটে চার্লি অ্যাডামের পেনাল্টি গোলটা ৪২ মিনিটেই শোধ করে দিয়েছিলেন মালয়েশিয়ার অধিনায়ক শফিক করিম, দুর্দান্ত এক রংধনু শটে। প্রথমার্ধ ওই ১-১। একেবারেই দ্বিতীয় দল নিয়ে নামা লিভারপুল বিরতির পরই খাপ থেকে তরবারিটা বের করল। অবশ্য গোল পেতে ৬৭ মিনিট পর্যন্ত অপেক্ষাই করতে হলো। ফরাসি স্ট্রাইকার ডেভিড এনগগ দুই মিনিটের ব্যবধানে স্কোরলাইন ৩-১ করে দিলেন। এনগগ হ্যাটট্রিক পেতে পেতেও পাননি। দলে যে ডার্ক কাউট ও ম্যাক্সি রদ্রিগেজের মতো দুজন ফরোয়ার্ড। ৭৩ মিনিট রদ্রিগেজ করেছেন তাঁর দুই গোলের প্রথমটি। কিন্তু এর মধ্যে মালয়েশিয়ার বদলি স্ট্রাইকার সাফি মোহাম্মদ সালি ২ মিনিটের মধ্যেই দুই গোল করে লিভারপুলকে দিলেন কাঁপিয়ে, আর স্টেডিয়ামে তুললেন উথাল-পাথাল জলোচ্ছ্বাস। স্কোর তখন ৪-৩। যোগ করা সময়ে আরও দুই গোল দিল লিভারপুল। রদ্রিগেজ তাঁর দ্বিতীয় গোলটি করার পর হল্যান্ডের কাউট একেবারে শেষ সময়ে দূর থেকে এক বুলেট শটে লিভারপুলকে জেতালেন ৬-৩-এ। শেষ পর্যন্ত ফলটা লিভারপুলসুলভ। আগের বুধবার এখানে প্রতিদ্বন্দ্বী আর্সেনাল মালয়েশিয়াকে হারিয়ে গেছে ৪-০ গোলে।লিভারপুল রাজত্ব হারাতে পারে, তাই বলে ফিফা র্যাঙ্কিংয়ের ১৪৪ নম্বরে থাকা রুগ্ণ এশিয়ার প্রতিনিধি মালয়েশিয়ার বিপক্ষে দাপট দেখাতে পারবে না? তবে অন্যদিকে মালয়েশিয়াও দেখিয়েছে, একেবারেই আত্মসমর্পণ করার মতো দল তারা নয়। বাড়তি পাওনা হলো, ২৩ জুলাই বিশ্বকাপ প্রাক-বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাসের পালে একটু হাওয়া ভরে নেওয়া।তবে ৯ গোলের এই নাটকের বাইরে বৃহত্তর ক্যানভাসে ছবিটা অন্য রকম। সেটা হলো লিভারপুল এবং এশিয়ার মধ্যে একটা পারস্পরিক দেওয়া-নেওয়ার দলিল তৈরি হওয়া। লিভারপুল এশিয়ায় সমর্থনের সুবাদে নিজেদের ব্যবসাটা বাড়াতে পারবে। আর দক্ষিণ-পূর্ব এশিয়ার সুযোগ ফুটবল দক্ষতা বাড়ানোর। মেলবন্ধনটা করে দিয়েছেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। লিভারপুলের সঙ্গে গত বছর চার বছরের চুক্তি করেছে ব্যাংকটি। জার্সিতেও তাই কার্লসবার্গ বিয়ারের বদলে স্ট্যান্ডার্ড চার্টার্ডের নাম। ব্যবসায়িক উদ্দেশ্যটা তাদেরও আছে। মাঝখান থেকে সুবিধাভোগী তো ফুটবল-পাগল এই এশীয়রাও। সন্ধ্যায় প্রায় লাখো মানুষের স্রোত, আর স্টেডিয়ামের বাইরে কয়েক মাইল বিস্তৃত গাড়ির বহর দেখে মনে হলো, ফুটবল ও ব্যবসাটা সোনায় সোহাগা হয়ে গেছে। অনেকের কণ্ঠেই লিভারপুলের সেই বিখ্যাত দলীয় সংগীত, ‘ইউ উইল নেভার ওয়াক অ্যালোন’—কখনোই তুমি নিঃসঙ্গ যাত্রী নও! লিভারপুল তাদের যাত্রাপথে অনেক সঙ্গী পেল এশিয়ায়। তবে কি লিভারপুলের সোনালি যুগের খেলোয়াড় কেনি ডালগ্লিসের হাত ধরে আবার সেই আলোকিত বৃত্তেই তাদের যাত্রা শুরু হলো নতুন করে? ‘কিং কেনি’ দুই দিন আগেই কুয়ালালামপুর থেকে লন্ডন ফিরে যাওয়ার আগে ওসব নিয়ে কোনো কথাই বলেননি। হতে পারে তিনি সাফল্যতৃষ্ণায় নীরব হয়ে আছেন। জবাবটা দেবেন সময়মতো।