কখনো মাঠে নামেননি নেইমারের বুট ডিজাইনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাইকির বুট ডিজাইনার ডেনিস ডেকোভিচ
নাইকির বুট ডিজাইনার ডেনিস ডেকোভিচ

ছন্দময় গতি, জোরালো শট থেকে দুর্দান্ত সব গোল। ফুটবল মাঠে প্রায়শ এমন চেহারাতেই দেখা যায় ব্রাজিলিয়ান তারকা নেইমারকে। সেটা ব্রাজিলের জার্সি গায়েই হোক বা বার্সেলোনার। দল অনুযায়ী জার্সি বদলে গেলেও পায়ের বুটটা কিন্তু থাকে একই রকম। সেই বুট পরা পায়ের জাদু দেখার জন্যই অধীর আগ্রহে তাকিয়ে থাকেন ভক্তরা। কিন্তু কীভাবে তৈরি হয় নেইমারদের এই বুট? কারা থাকেন ফুটবলারদের অন্যতম প্রধান এই অনুষঙ্গটির পেছনে?
পায়ের খেলা ফুটবলে যে বুটের একটা ভালো প্রভাব থাকে, সেটা সহজেই অনুমান করা যায়। বুট পায়ে স্বাচ্ছন্দ্যে না দৌড়াতে পারলে তার প্রভাব নিশ্চিতভাবেই পড়বে পারফরম্যান্সের ওপর। আর ফুটবলারদের জন্য আরামদায়ক ও যথার্থ বুট তৈরির কাজটাই করে থাকেন ডেনিস ডেকোভিচ। নাইকির ৩৮ বছর বয়সী বুট ডিজাইনার। নেইমারের জন্য বানানো নতুন বুট ‘নাইকি হাইপারভেনমের’ নেপথ্যেও ছিলেন এই ডেকোভিচ। সম্প্রতি ফুটবল ম্যাগাজিন ফোর ফোর টু-কে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি জানিয়েছেন বিশ্বসেরা ফুটবলারদের বুট ডিজাইনের প্রক্রিয়া।
নতুন একটা বুট ডিজাইনের সময় মূলত তিনটি বিষয়ের ওপর নজর দেন ডেকোভিচ। প্রথমেই পরীক্ষা-নিরীক্ষা, বুটের পারফরম্যান্স ও বাজার-পরিস্থিতির খোঁজখবর নেন ডিজাইনাররা। এরপর ডিজাইন জগতের খুঁটিনাটি ব্যাপারগুলো তাঁরা খেয়াল করেন খুব সতর্কভাবে। নতুন কিছু করার অনুপ্রেরণা তাঁরা পেয়ে থাকেন এখান থেকেই। এরপর আসে নতুন ধরনের বুট ডিজাইনের চূড়ান্ত প্রক্রিয়া, যা পেছনে ফেলে দেবে আগের করা ডিজাইনগুলোকে। খেলোয়াড়দের দেবে আরও ভালো অনুভূতি।

নাইকির এই বুট ডিজাইন ডিরেক্টর শুধু নেইমারই নন, কাজ করছেন ইব্রাহিমোভিচ ও মাতেরাজ্জির মতো বিশ্বমানের খেলোয়াড়দের সঙ্গেও। তবে অনেক ফুটবল ভক্তর মতো, এঁদের মধ্যে ডেকোভিচেরও প্রথম পছন্দ নেইমার। তিনি বলেছেন, ‘খেলোয়াড়দের খুবই কাছাকাছি থেকে কাজ করতে পারাটা সত্যিই দারুণ ব্যাপার। আমি ইব্রাহিমোভিচ ও মাতেরাজ্জির সঙ্গে অনেক সময় কাটিয়েছি। কিন্তু আমার ফেবারিট নেইমার। পারস্পরিক এই সম্পর্ক নিয়ে আমাদের মতো নেইমারও একইরকম উত্তেজিত থাকে। ফলে আমরা একটা ভালো সম্পর্ক গড়ে তুলেছি।’

তবে সব সময় যে ইতিবাচক প্রতিক্রিয়াই পাওয়া যায় এমনটাও না। কিছু ডিজাইন যে কেউ কেউ অপছন্দও করেন, সেটাও স্বীকার করেছেন ডেকোভিচ, ‘ইতালিতে আমাদের একটা বড় দল আছে, যারা খেলোয়াড়দের সঙ্গে খুবই ঘনিষ্ঠভাবে কাজ করে। তাদের মাধ্যমেই আমরা অনেক প্রতিক্রিয়া পাই। ভালো, খারাপ দুই রকমেরই।’

বিশ্বসেরা ফুটবলারদের বুট নির্মাণের মতো কঠিন কাজটা সাবলীলভাবে করে গেলেও ডেকোভিচ নিজে কখনো নামেননি ফুটবল মাঠে। তবে পরীক্ষা-নিরীক্ষা করার জন্য হলেও নেইমার-ইব্রাহিমোভিচদের জন্য তৈরি করা বুটগুলো ঠিকই উঠেছে ডেকোভিচের পায়ে। এমনটা নিজেই জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই বুট ডিজাইনার, ‘বুটগুলো আমি পরীক্ষা করে দেখি। কিন্তু আমি বিশ্বসেরা খেলোয়াড় নই। আমার বাবা ফুটবল খেলতেন। আর আপনি যখন একজন অ্যাথলেট পরিবারে বড় হবেন, তখন জুতা আর বুটও আপনার জীবনের অংশ হয়ে যাবে।’

বাংলাদেশ-নিউজিল্যান্ড মিরপুর টেস্ট এবং ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ ওয়ানডের আপডেট পেতে C লিখে এসএমএস করুন 2221 নম্বরে